আট দিন পিছিয়ে গেল প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ
ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটি বুধবার প্রিমিয়ার ফুটবল লিগ আট দিন পিছিয়ে ২৮ মে নতুন তারিখ নির্ধারন করেছে।
কমিটির সম্পাদক মোজাম্মেল হক মুক্তা বুধবার টেলিফোনে বিডিনিউজকে জানান, “কিছু বিষয় মাথায় রেখে আমরা লিগ পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।” লিগের স্পনসর যোগাড় না হওয়াকেই লিগ পিছিয়ে দেয়ার মুল কারন হিসেবে উল্লেখ করেছেন মুক্তা।
তবে ফুটবল ফেডারেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাড লাইট মেরামত এবং দেশের দু’টি বড় দলের এএফসি কাপ ম্যাচের জন্যই লিগ পেছানো হয়েছে বলে জানানো হয়।
এদিকে লিগ স্পনসরের ব্যাপারে মোজাম্মেল হক বলেন, আজ (বুধবার) স্পনসরের বিষয়টি নিস্পত্তি হওয়ার কথা থাকলেও হরতালের কারনে তা সম্ভব হয়নি। তবে বৃহস্পতিবারই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন মুক্তা।
মোবাইল ফোন কোম্পানী বাংলালিংক এবার লিগের টাইটেল স্পনসর হতে পারে বলে আভাস দিয়েছেন মোজাম্মেল হক মুক্তা। স্পনসরশীপ বাবদ বাংলালিংক ২৫ লাখ টাকা দেবে লিগ কমিটিকে।
বর্তমান চ্যাম্পিয়ন ব্রার্দাস ইউনিয়ন এবং দিপালী যুব সংঘের মধ্যেকার ম্যাচ দিয়ে ২০ মে মাঠে গড়ানোর কথা ছিল প্রিমিয়ার ফুটবল লিগ।
