বৃহস্পতিবার শুরু হচ্ছে মহিলা হ্যান্ডবল লিগ
ছয়দিন ব্যাপী তিববত মহিলা হ্যান্ডবল লিগ বৃহস্পতিবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল কোর্ট এবং ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুরু হবে।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে কোহিনুর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বুধবার এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, যুগ্ন সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক নুরুল ইসলাম।
লিগে তিন গ্রুপে নয়টি দল লড়াই করবে। দলগুলো হচ্ছে- উষা ক্রীড়া চক্র, বিক্রমপুর স্পোর্টিং ক্লাব, নারায়নগঞ্জ হ্যান্ডবল একাডেমি (গ্রুপ এ), আরামবাগ ক্রীড়া সংঘ, জামালপুর হ্যান্ডবল পরিষদ, স্কলাস্টিকা (গ্রুপ বি), ঢাকা মেরিনার ইয়ং’স ক্লাব, তেতুলিয়া হ্যান্ডবল পরিষদ, ভিকারুন্নিসা (গ্রুপ সি)।
প্রথম পর্বে প্রতিটি দল নিজেদের মধ্যে লড়াই করবে। প্রথম রাউন্ড থেকে তিনটি গ্রুপ চ্যাম্পিয়ন দল খেলবে সুপার থ্রি রাউন্ডে। এই রাউন্ডে তিনটি দল পরস্পরের বিরুদ্ধে খেলার পর শীর্ষ দল শিরোপা লাভ করবে।
গত বছর লিগে ছয়টি দল অংশ নিয়েছিল। এবার লিগে নতুন পাঁচটি দল- বিক্রমপুর স্পোর্টিং ক্লাব, জামালপুর হ্যান্ডবল পরিষদ, স্কালাস্টিকা, তেতুলিয়া হ্যান্ডবল পরিষদ এবং ভিকারুন্নিসা অংশ নিচ্ছে। তবে গতবারের লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব এবার খেলছেনা।
লিগের বাজেট ধরা হয়েছে ১,২০,০০০টাকা। এরমধ্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কোহিনুর কেমিক্যাল ১,০০০০০ টাকা দিচ্ছে ফেডারেশনকে। ঢাকার বাইরের প্রতিটি দলকে ফেডারেশনের পক্ষ থেকে ৩,০০০ টাকা করে দেয়া হবে।
