বৃহস্পতিবার শুরু হচ্ছে মহিলা কাবাডি লিগ
আজাদ স্পোর্টিং ক্লাব এবং গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি)’র মধ্যকার ম্যাচ দিয়ে দীর্ঘ ২৩ বছর পর বৃহস্পতিবার মাঠে গড়াচ্ছে মহিলা কাবাডি লিগ। দিনের অপর ম্যাচে বাংলাদেশ আনসার মুখোমুখি হবে ঢাকা জেলা দলের।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ ফজলুর রহমান বিকেল চারটায় ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এই লিগের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল রেজাউল হায়দার উপস্থিত থাকবেন। তিনদিনব্যাপী এই লিগে মোট চারটি দল অংশ নিচ্ছে।
১৯৭৪ সালে গঠিত হওয়ার পর প্রথম মহিলা কাবাডি লিগের আয়োজন করেছিল কাবাডি ফেডারেশন। মেট্রোপলিস স্পোর্টস এসোসিয়েশনের উদ্যোগে ১৯৮৪ সালে সর্বশেষ অনুষ্ঠিত হয় মহিলা কাবাডি লিগ।
