২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে ফলোঅনে ফেলেছে সাসেক্স

সফরের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে বাংলাদেশ দলের উপর আধিপত্য কায়েম করে ফলোঅনের সম্মুখীন করেছে ইংল্যান্ডের কাউন্টি লিগের ক্লাব সাসেক্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

ইংল্যান্ডের কাউন্টি লিগের ক্লাব সাসেক্স তিন উইকেটে ৪১২ রান নিয়ে পুনরায় ব্যাটিং শুরু করতে নেমে সফরকারী বোলারদের চিড়েচ্যাপ্টা করে সাত উইকেটে ৫৪৯ রানের পাহাড়সম রান তুলে ব্যাকফুটে ঠেলে দেয়ার পর সফরকারীদের ফলোঅনে যেতেও বাধ্য করে।

সাসেক্সের ইনফর্ম বামহাতী ব্যাটসম্যান মাইকেল ইয়ার্ডি ব্যক্তিগত ১৮০ রান নিয়ে খেলতে নেমে তা বৃদ্ধি করে ক্যারিয়ারের সর্বোচ্চ ২৫৭ রান পেয়েছেন। তিনি ৩৫টি চারের সাহায্যে এবং ৩১৪ বল মোকাবেলা করে এ রান অর্জন করেন। পূর্ব দিনের অপর ব্যাটসম্যান টিম এ্যামব্রোস ৭৮ রান করেন।

সফরকারী বাংলাদেশের স্পিনার এনামুল হক ৩৩ দশমিক ৫ ওভার বল করে ১৭৪ রানের বিনিময়ে তুলে নেন তিন উইকেট। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

স্বাগতিকদের বিশাল রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ দলের দ্রুত ওপেনিং জুটিতে ভাঙ্গন ধরে এবং ১২৭ রানে দল অলআউট হয়ে যায়। ফলে বাংলাদেশ দলকে ফলোঅনে পড়তে হয়েছে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল কোনও উইকেট না হারিয়ে ১২ রান সংগ্রহ করে। পরাজয় এড়াতে বাংলাদেশ দলের হাতে রয়েছে আর একটা দিন মাত্র।

সফরকারী দলের জন্য খারাপ সংবাদ হচ্ছে তাদের অধিনায়ক হাবিবুল বাশার আঘাত পেয়েছেন। তিনি প্রথম ইনিংসে ব্যক্তিগত ২২ রান করার পর সাসেক্সের ফাস্ট বোলার জেসন লিউরের একটি বাউন্স বল তার হেলমেটে আঘাত করে।

বাংলাদেশের পক্ষে দলপতি হাবিবুল বাশার সর্বোচ্চ রান করেছেন। তাছাড়া আরও পাঁচজন খেলোয়ার দুই অঙ্কের ঘর পার করেছেন।

সাসেক্সের পক্ষে জোহান্স ভেনডার ওয়াথ ২১ রানের বিনিময়ে তিন উইকেট এবং লেউরে ৪২ রান দিয়ে শিকার করেন তিন উইকেট।

উল্লেখ্য, বাংলাদেশ সফরের প্রথম ফাস্ট ক্লাস ম্যাচে ব্রিটিশ ইউনিভার্সিটির বিরুদ্ধে ড্র করে।

বাংলাদেশ এ ম্যাচ পর আরেকটি তিন দিনের টেস্ট ম্যাচ খেলবে নর্দাম্পটনশায়ারের বিরুদ্ধে।