২০ বছর পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরছে এ্যাথলেটিকস
মিল্কভিটা ২২তম জাতীয় জুনিয়র এ্যাথলেটিকসের মধ্য দিয়ে দীর্ঘ বিশ বছর পর মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরে আসছে এ্যাথলেটিকস। বাংলাদেশ অ্যামেচার এ্যাথলেটিকস ফেডারেশনের উদ্যোগে এবং মিল্কভিটার পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টের আসর বসছে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যেই এ্যাথলেটিকস ফেডারেশন ঘাসের ট্র্যাকেই প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। গত মার্চে জাতীয় ক্রীড়া পরিষদ বঙ্গবন্ধু স্টেডিয়ামকে ফুটবল এবং এ্যাথলেটিকসের জন্য স্থায়ীভাবে বরাদ্দ দেয়।
১৯৮৪ সালে শেষবারেরমত এই মাঠে ক্রীড়া পরিষদ জাতীয় এ্যাথলেটিকসের আয়োজন করেছিল। ১৯৮৫ সালে সাফ গেমসের মাধ্যমে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চলে যায় এ্যাথলেটিকস।
জাতীয় ক্রীড়া পরিষদের কনফারেন্স রুমে সোমবার এক সংবাদ সম্মেলনে এ্যাথলেটিকস ফেডারেশনের সাধারন সম্পাদক শাহ আলম বলেন, “ যেহেতু পূর্বে ক্রীড়া পরিষদ বঙ্গবন্ধু স্টেডিয়াম এ্যাথলেটিকসকে বরাদ্দ দিয়েছিল আমরা তাই এই প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে স্টেডিয়ামে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই”। সংবাদ সম্মেলনে পৃষ্ঠপোষক মিল্কভিটার মার্কেটিং ম্যানেজার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
ঘাসের ট্র্যাকে দু’দিন ব্যাপী এই প্রতিযোগিতায় এ্যথলেটদের পারফরম্যান্স উন্নত করার সুযোগ পাওয়া যাবেনা বলে জানান শাহ আলম।
ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদে হোসেন এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন।
প্রতিযোগিতার ৪০ টি ইভেন্টে বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা এবং সংগঠনের ৬০টি দলের প্রায় ৫০০ এ্যাথলেট অংশগ্রহন করবে বলে আশা করা যাচ্ছে। প্রতিযোগিতার ইভেন্টগুলো হচ্ছে-বালক অনুর্ধ্ব ১৫, বালক অনুর্ধ্ব ১৮, বালিকা অনুর্ধ্ব ১৫ এবং বালিকা অনুর্ধ্ব ১৮।
