দক্ষিণ আফ্রিকার কাছে একদিনের ক্রিকেট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের শোচনীয় পরাজয়
ওয়েস্ট ইন্ডিজের সাথে পঞ্চম এবং শেষ ওয়ানডে ম্যাচে জয়ের মধ্য দিয়ে সফরকারী দল দক্ষিণ আফ্রিকার জয়ের পাল্লা আরও ভারী হলো। স্বাগতিক দলকে হোয়াইট ওয়াশ করে ৫-০-তে একদিনের সিরিজ জিতে নিল তারা।
বোয়েটা ডিপেনার ৪১ বলে অর্ধশত রান পূর্ণ করেন এবং ৬১ রানে অপরাজিত থেকে দক্ষিণ আফ্রিকা দলকে ৭ উইকেটে জয়লাভে সহায়তা করেন। সকালে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ২০ ওভারে ১৩৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ৫ বল বাকী থাকতেই দক্ষিণ আফ্রিকা ম্যাচ জয় করে নেয়।
দ. আফ্রিকার ওপেনিং ব্যাটসম্যান ভিলিয়ার্স ২৫ বলে ৩০ রান করে শুভ সূচনা করলেও ব্রাডশ’য়ের বলে ব্রায়ান লারার হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভেলিয়নে ফিরে যান। এরপর জ্যাক ক্যালিস (১৮) এবং জাস্টিন ক্যাম্প (৮)-কে অতি দ্রুত সাজঘরে পাঠিয়ে ওয়েস্ট ইন্ডিজ খেলায় ফিরে আসলেও ডিপেনারের দৃঢ়তা এবং ব্যাটিং নৈপুণ্যে দ. আফ্রিকা ম্যাচের নিয়ন্ত্রণ লাভ করে।
দ. আফ্রিকা টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে ১৩৮ করতে সক্ষম হয়। অল রাউন্ডার দায়েন ব্রাভো ৪০ বলে ৪১ রান করে স্বাগতিক দলকে একটু নির্ভরতা দিতে সক্ষম হলেও অন্যরা ব্যর্থ হয়েছেন। দক্ষিণ আফ্রিকার সাথে শেষ ওয়ান ডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ের পর ৫-০ ব্যবধানে সিরিজের সমাপ্তি ঘটল।
