জুনে শুরু হবে ২২তম জাতীয় হকি চ্যাম্পিয়নশীপ
জুনের শেষ সপ্তাহে শুরু হবে জাতীয় হকি চ্যাম্পিয়নশীপ। বাংলাদেশ হকি ফেডারেশনের উদ্যোগে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বসবে জাতীয় হকির ২২তম আসর।
হকি ফেডারেশনের ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান মির্জা ফরিদ আহমেদ রোববার বিডিনিউজকে জানান, জুনের শেষ সপ্তাহে টুর্নামেন্ট শুরুর ব্যাপারে সিদ্ধান্ত হলেও দিনক্ষণ এখনও চুড়ান্ত হয়নি।
এবারের টুর্নামেন্টে বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, সার্ভিস দল এবং বিশ্ববিদ্যালয় দলসহ অংশগ্রহনকারী দলের সংখ্যা ২৫ থেকে ৩০ এ দাঁড়াতে পারে বলে আশাপ্রকাশ করেছেন মির্জা ফরিদ।
গতবার ১৫টি জেলা দল, চারটি সার্ভিস দল এবং ঢাকা বিশ্বদ্যিালয় এই ২০টি দল নিয়ে আয়োজন করা হয়েছিল জাতীয় হকি চ্যাম্পিয়নশীপ। গতবারের প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন এবং ফরিদপুর জেলা রানার আপ হওয়ার গৌরব লাভ করে।
এবার অংশগ্রহনকারী দলের সংখ্যা বাড়ার কারন হিসেবে মির্জা ফরিদ আহমেদ বলেন, গাইবান্ধা, মাগুরা, রাঙামাটি, কিশোরগঞ্জ, জয়পুরহাট, সাতক্ষীরা, নেত্রকোনার মত জেলা ক্রীড়া সংস্থাগুলো ফেডারেশনের পরবর্তী সাধারন নির্বাচনে কাউন্সিলরের ক্ষমতা লাভ করার উদ্দেশ্যে এবারের চ্যাম্পিয়নশীপে অংশ নিতে পারে।
যদি কোন জেলা ক্রীড়া সংস্থা পরপর দু’টি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয় তাহলে তারা নির্বাচনে ভোট প্রদানের ক্ষমতা লাভ করে।
