২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার সাসেক্সের বিরুদ্ধে ২য় প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে টাইগাররা

প্রথম প্রস্তুতি ম্যাচে ব্রিটিশ উইনিভার্সিটি দলের বিরুদ্ধে দুর্দান্ত দলীয় পারফরম্যান্সের আত্মবিশ্বাসকে পুঁজি করে ইংল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দল তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে রোববার কাউন্টি দল সাসেক্সের মুখোমুখি হচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 08:24 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

প্রথম প্রস্তুতি ম্যাচে খেলার সুযোগ না পাওয়া বেশ কয়েকজনকে সাসেক্সের বিরুদ্ধে মাঠে দেখা যেতে পারে। দলের নতুন উইকেট কিপার মুশফিকুর রহিমকে দেখা যেতে পারে নিয়মিত উইকেট কিপার খালেদ মাসুদের পরিবর্তে। অন্যদিকে জ্বরের ধকল কাটিয়ে উঠা আফতাব আহমেদও খেলতে পারেন এই ম্যাচে।

ব্রিটিশ ইউনিভার্সিটি দলের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাটে বলে প্রত্যাশার চেয়েও বেশি প্রদর্শন করেছে টাইগাররা। প্রথম ইনিংসে ওপেনার জাবেদ ওমর এবং মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে ভর করে টাইগাররা ৩৮১ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে টপ অর্ডার ব্যাটসম্যানদের নৈপুন্যে চার উইকেট খুইয়ে ২৪৬ রান তুলে ইনিংস ঘোষনা করে বাংলাদেশ।

বিপরীতে ব্রিটিশ ইউনিভার্সিটি দলকে প্রথম ইনিংসে ২৩৮ রানে বেঁধে ফেলতে সক্ষম হয় বাংলাদেশ। আর এর পুরো কৃতিত্বটাই নবীন পেসার শাহাদত হোসেন রাজীবের। ৩৩ রান খরচায় চার উইকেট নিয়ে ম্যাচের হিরো রাজীব।

তবে আরেকজনের কথা না বললেই নয়। ওপেনার জাভেদ ওমর তার স্বভাবসুলভ শম্বুকগতির ব্যাটিং এর খোলস ছেড়ে বেরিয়ে এসে দুর্দান্ত সব স্ট্রোক খেলেছেন। ৩৯৩ বলে করা ১৬৭ রানের ইনিংসে জাভেদ বাউন্ডারি হাঁকিয়েছেন ২৬টি। অন্যদিকে মোহাম্মদ আশরাফুল ১৬৩ বলের মোকাবেলায় ১৮টি চারের সাহায্যে করেন অনবদ্য ১০২ রান।

দ্বিতীয় ইনংসে টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে জাভেদ ৩৯, নাফিস ইকবাল ৪৬, শাহরিয়ার নাফিস ৫০, অধিনায়ক হাবিবুল বাশার ৭৫ এবং রাজিন সালেহ অপরাজিত ৩০ রান করে নিজেদের যোগ্যতার প্রমান দিয়েছেন।

বোলাদের মধ্যে রাজীবের পাশাপাশি নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মর্তুজা, তাপস বৈশ্য এবং স্পিনার মোহাম্মদ রফিক প্রত্যেকেই দুটি করে উইকেট নিয়ে ইংলিশ কন্ডিশন জয়ের ইঙ্গিত দিয়ে রেখেছেন।