বলিউডের ছবিতে দেখা যেতে পারে পিণ্ডি এক্সপ্রেস শোয়েবকে
জাতীয় দলের হয়ে না খেললেও পাকিস্তানি তারকা ফাস্ট বোলার শোয়েব আখতার এখন পাদপ্রদীপের আলোয়।
পাকিস্তানের হয়ে ওয়েস্ট উইণ্ডিজ সফরে বাদ পড়েছেন তিনি। আর এ সুযোগেই ভারতের বিখ্যাত চিত্র পরিচালক মহেশ ভাট তার পরবর্তী ছবিতে শোয়েবকে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বার্তা সংস্থা বিডিনিউজের প্রাপ্ত এক খবরে জানা গেছে, মহেশ ভাট ও তার মেয়ে পুজা ভাট তাদের পরবর্তী ছবিতে অভিনয় করানোর ব্যাপারে আগামী সপ্তায় এই বিধ্বংসী বোলারে সাথে আলোচনা করবেন।
শোয়েবকে বলিউডে অভিনয়ের প্রস্তাব দেয়ার পরই বৈঠকটি নির্দিষ্ট করা হয়। এটাই অবশ্য কোন ক্রিকেটারের জন্য অভিনয়ের ব্যাপারে প্রথম কোনও প্রস্তাব নয়। এর আগেও বহু ভারতীয় ও পাকিস্তানি ক্রিকেটারকে বলিউডের সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাব দেয়া হয়েছে।
এর আগে কোনও ক্রিকেটারই ক্রিকেট ছেড়ে ছবির জগতে এসে তেমন কোনও সফলতা দেখাতে পারেননি। সাবেক পাকিস্তানি টেস্ট ওপেনার মোহসীন খান দু’পারেরই বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও সাফল্য পাননি।
শোয়েব মাঝে মাঝেই মুম্বাই সফর করে থাকেন। কিন্তু এবারের সফরটিতে তিনি মহেশ ভাটের সাথে আলোচনা করবেন বলে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে।
সাবেক একজন টেস্ট অধিনায়ক শোয়েবকে বলিউড হলিউড ভুলে খেলা ও ফিটনেসের প্রতি মনোযোগী হয়ে জাতীয় দলে ফিরে আসার উপদেশ দিয়েছেন।
তিনি বলেন, শোয়েব একজন ক্রিকেটার এবং ইতিহাসে দেখা যায় কোনও ক্রিকেটারই অভিনেতা হিসেবে সফল হতে পারেনি।
এর আগে সুনীল গাভাস্কার, মোহসীন খান, সন্দ্বীপ পাতিল, সৈয়দ কিরমানি, বিনোদ কাম্বলি এবং সম্প্রতি অজয় জাদেজাও চলচ্চিত্রে অভিনয় করেছেন কিন্তু তারা কেউই সফলতা পননি।
