আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন ফিগো
রিয়েল মাদ্রিদ মিডফিল্ডার লুইস ফিগো আবারও আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ফিরছেন। পর্তুগীজ ফুটবল ফেডারেশন শুক্রবার ফিগোর প্রত্যাবর্তনের খবর জানিয়েছে।
২০০৪ সালে পর্তুগালের হয়ে ইউরো কাপ ফুটবল শেষে তিনি অবসর গ্রহণ করেন। কিন্তু আগামী ৪ জুন বিশ্বকাপ বাছাই পর্বে লিসবনে স্লোভাকিয়ার বিরুদ্ধে খেলায় অংশ নেবেন বলে ফেডারেশনের ওয়েবসাইট সূত্রে জানা গেছে।
বিভিন্ন বার্তা সংস্থা সূত্রে পাওয়া খবরে জানা যায়, রিয়েল মাদ্রিদে তার অবস্থান নড়বড়ে হয়ে যাওয়ার পর তিনি অবসর সিদ্ধান্তের ব্যাপারে পূনর্বিবেচনা করতে থাকেন।
গত মাসে প্রিমিয়ার লিগে তার সাবেক দল বার্সেলোনার বিরুদ্ধে খেলায় তাকে নামানো হয়নি।
তিনি গত মাসে বলেছিলেন, ক্লান্তি বোধের কারণে আমি জাতীয় দল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলাম এবং ক্লাবের হয়ে খেলতে অধিক মনোযোগী হয়েছিলাম। কিন্তু এই মূহুর্তে আমার অনুভূতির পরিবর্তন হয়েছে।
তিনি আরও বলেন, আমি আরও দুই বছর ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারব।
সাবেক এই ইউরোপসেরা আরও ইঙ্গিত দেন যে রিয়েল মাদ্রিদের সাথে ২০০৬ সালের চুক্তি শেষ হওয়ার পর তিনি রিয়েলও ছেড়ে দিতে পারেন।
ফিগো পর্তুগালের অন্যতম সেরা খেলোয়াড় এবং ৩১ টি গোল করে দেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা।
