সফরের তৃতীয় বিজয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা
ইতোমধ্যে সফরকারি দক্ষিণ আফ্রিকা ‘ভিভিয়ান রিচার্ডস সিরিজ’ জয় করে নিলেও তারা শুক্রবার অনুষ্টেয় চতুর্থ ও শেষ টেস্ট ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে ছাড় দিতে নারাজ।
এদিকে বারবাডোস টেস্টের নায়ক আন্দ্রে নেল ইনজুরির কবলে পড়েছেন। তবে প্রেটিয়াসদের জন্য সুখের কথা হচ্ছে তাদের মূল বোলার শন পোলক আবার টেস্ট দলে ফিরে এসেছেন।
এন্টিগুয়ার এই মাঠেই প্রিন্স অফ ত্রিনিদাদ ব্রায়ান লারা এক বছর আগে টেস্ট ম্যাচে ৪০০ রানের বিশ্ব রেকর্ড গড়েন।
কিন্তু ক্যারিবিয়ান ফাস্ট বোলার এন্ড্রি রবার্টস এবং হেড গ্রাউন্ডম্যান কিথ ফেডরিখ চেষ্টা করছেন শেষ টেস্ট ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার উপযুক্ত পিচ তৈরি করার।
সফরকারি দলের অধিনায়ক গ্রাহাম স্মিথ বলেন, “আমরা সফরের শেষ টেস্ট ম্যাচে মাঠে নামবো ম্যাচের প্রতি ইনিংসে ভাল পারফর্ম করার জন্য।”
“ত্রিনিদাদ এবং বারবাডোস টেস্ট জয় করার পর অনেকে মনে করেছিল সহজেই বাকি টেস্ট ম্যাচ জয় করে নিবে। কিন্তু ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জয় পেতে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়েছে।”
এদিকে গোড়ালির ইনজুরি কাটিয়ে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার শন পোলক শেষ টেস্টে দলে জায়গা করে নিয়েছেন।
তবে সিরিজের সফল বোলার নেল পিঠের ব্যথার জন্য শেষ টেস্ট ম্যাচে খেলতে পারছেন না।
এদিকে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ দলে আবারও ডাক পেয়েছেন পেসার টনি বেস্ট এবং নরসিং দেবনারায়ন।
চতুর্থ টেস্ট ম্যাচ থেকে বাদ পড়েছে রিয়ন কিং এবং রায়ান হাইন্ডস।
