যুব কাবাডির সেমিতে গাজীপুর, টাঙ্গাইল, রাজশাহী ও ঢাকা
টাঙ্গাইলের স্থানীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী দিনে বৃহস্পতিবার বর্তমান চ্যাম্পিয়ন গাজীপুর, স্বাগতিক টাঙ্গাইল, রাজশাহী এবং ঢাকা জেলা দল নিজ নিজ খেলায় জয়ী হয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে।
প্রথম দিনের খেলায় গাজীপুর ২২ - ১৫ পয়েন্টে যশোরকে, রাজশাহী ৪০ - ২৩ পয়েন্টে গোপালগঞ্জকে, টাঙ্গাইল ২৬ - ২০ পয়েন্টে নড়াইলকে এবং ঢাকা ৪৬ - ১১ পয়েন্টে কুড়িগ্রামকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। এর আগে যশোর ৪৭ - ১৫ পয়েন্টে কুমিল্লাকে এবং নড়াইল ৭১ - ৬ পয়েন্টে পিরোজপুরকে পরাজিত করে।
শুক্রবার সকালে প্রথম সেমিফাইনালে টাঙ্গাইল মুখোমুখি হবে রাজশাহীর আর দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা লড়বে গাজীপুরের বিরুদ্ধে। একই দিন বিকেলে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
মেজর জেনারেল (অব) মাহমুদুল হাসান এমপি এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সাইফুদ্দিন আহমেদ এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট কেএম আখতার হামিদ উপস্থিত ছিলেন।
