২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দ্রে নেলের বিধ্বংসী বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ কুপোকাৎ

ফাস্ট বোলার আন্দ্রে নেল-এর বোলিং নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ নিমেষেই গুড়িয়ে যায় এবং একদিন খেলা বাকী থাকতেই দক্ষিণ আফ্রিকা এক ইনিংস এবং ৮৬ রানে জয়ী হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 12:55 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

টেস্ট ক্রিকেটে ৬-৩২ নেলের ক্যারিয়ারের সেরা সংগ্রহ।

কেনসিংটন ওভালে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৬৬ রানে  সবকটি উইকেট হারায়। নেল কোন টেস্টে ৮৮ রানের বিনিময়ে প্রথমবারের মতো ১০ উইকেট শিকারে পরিনত করতে সক্ষম হন এবং ম্যান অব দ্যা ম্যাচের মর্যাদা পান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ বিশাল জয়ের মধ্য দিয়ে চার টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-০-তে এগিয়ে রইল। এর ফলে ১৯৯৯ সাল থেকে  ভিভিয়ান রিচার্ডস ট্রফিটি সফরকারী দল দ. আফ্রিকার হাতে থেকে যাওয়ার সম্ভাবনাই বেশী।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে উইকেট কিপার কোর্টনি ব্রাউনি সর্বোচ্চ ৬৮ রান করেন। অধিনায়ক শিবনারায়ণ চন্দরপলের ব্যাট থেকে আসে ৩১ রান।

দক্ষিণ আফ্রিকা ৪র্থ দিনের শুরুতে ৫২১-৮ নিয়ে খেলতে নেমে ৫৪৮-৯ করলে অধিনায়ক গ্রামি স্মিথ ইনিংস ডিক্লেয়ার করেন। বল হাতে দক্ষিণ আফ্রিকার ধারালো আক্রমণের সূচনা করেন প্রথম ম্যাকাও এনটিনি। পরপর দু’বলে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (৫) এবং রমেশ সারওয়ান (০) এর উইকেট দু’টি তুলে নেন তিনি। এরপর নেল-এর বলে ওয়েভেল হাইন্ডস (১১), লারা (১৩), চন্দরপল (৩১), দানি ব্রাভো (৬), ফিডেল এডওয়ার্ডস (২) ও ডারেন পাওয়েল (৫)-এর উইকেটগুলো একের পর এক ধরাশায়ী হয়।

প্রথম ইনিংসে চমৎকার ব্যাটিং সাফল্যে ১৭৬ রান করা লারা যখন আউট হয়ে যান তখনই দক্ষিণ আফ্রিকার ম্যাচ জয় নিয়ে আর সংশয় থাকে না।