ভারতের মাটিতে পাকিস্তানের ওয়ানডে সিরিজ জয়
ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জিতে নিলো পাকিস্তান। ওয়ানডে সিরিজের সবশেষ খেলায় পাকিস্তান ১৫৯ রানের বিশাল ব্যবধানে ভারতকে হারিয়ে ৪-২ এ সিরিজি জয় করে। ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন শোয়েব মালিক এবং ১৫ টি উইকেট নিয়ে ম্যান অব দা সিরিজ নির্বাচিত হয়েছেন নাভেদুল হাসান রানা। পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং মাঠে বসে ম্যাচটি উপভোগ করেন।
সকালে টসে জিতে পাকিস্তান প্রথমে ব্যাটিং করে ৩০৩ রান সংগ্রহ করে। ৩০৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং ব্যাটসম্যানদের ব্যার্থতায় ১৪৪ রানেই ভারতের ইনিংস শেষ হয়ে যায়।
দলীয় ৩১ রানের মাথায় ভারতীয় দলের প্রধান কাণ্ডারি শেওয়াগ নাভেদুল হাসানের বলে আফ্রিদির হাতে তালুবন্দি হয়ে প্যাভিলিয়ানের পথে হাটেন। এরপর পরই শচীন ইফতেখার আনজুমের বলে বোল্ড হয়ে ফিরে যান । শেবাগ ২১ এবং শচীন মাত্র ৯ রান করেন। পুরো খেলায় ভারতীয় দল তাদের এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি, নিয়মিত বিরতিতেই উইকেট পড়তে থাকে। দলীয় ৬৪ রানে ইউসুফ ইয়োহানার সরাসরি থ্রোতে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যান মিস্টার ডিপেন্ডবল দ্রাবিড়। একইভাবে দলীয় ৮৪ রানে আউট হন যুবরাজ সিং। দলীয় ৯৩ রানে ধোনি আউট হন আরশাদ খানের বলে। দলীয় ৯৪ রানে কাইফ এবং মোঙ্গিয়া ফিরে যান। স্কোর বোর্ডে ৯৪ রান উঠতে না উঠতেই ভারতের উইকেটের পাশে ৭ সংখ্যাটি লেখা হয়। ভারতের ৮ম উইকেট পড়ে দলীয় ১২৯ রানে। অজিত আগারকার আফ্রিদির বলে ইয়োহানার তালুবন্দি হন। ১৩৯ রানে ভারতের নবম উইকেট পড়ে। আরশাদ খানের বলে ইউনুস খানের হাতে ধরা পড়েন জহির খান। দলীয় ১৪৪ রানে ভারতের সর্বশেষ ব্যাটসম্যান আশিষ নেহরা আউট হলে পাক শিবিরে নেমে আসে সিরিজ জয়ের আনন্দ।
সকালে টসে জিতে পাক অধিনায়ক ইনজামাম প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। শোয়েব মালিক, ইউসুফ ইয়োহানা, এবং ইনজামামের সম্মিলিত ব্যাটিংয়ে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৩০৩ রানের বড়সড় সংগ্রহ দাঁড় করায়। সালমান বাট এবং শহীদ আফ্রিদি পাকিস্তানের ব্যাটিং সূচনা করেন। শুরুটা মারমুখী হলেও ৩য় ওভারেই আউট হন সালমান বাট। দলীয় ২৮ রানে সালমান জহির খানের বলে শেবাগের হাতে ধরা পড়েন। শহীদ আফ্রিদি তার ঝড়ো ব্যাটিংয়ের ধারাবাহিকতা আজও বজায় রাখেন। মাত্র ২৩ বলে ৪৪ রান করে আফ্রিদি আশিষ নেহরার বলে ধোনির হাতে ধরা পড়ে সাজঘরে ফিরে যান। ৩য় উইকেট জুটিতে শোয়েব মালিক এবং ইউসুফ ইয়োহানা ৮৫ রানের জুটি গড়েন। দলীয় ১৫৩ রানে ও ব্যক্তিগত ৫০ রানে ইয়োহানা রান আউট হন। এরপর শোয়েব মালিক দলকে এগিয়ে নিয়ে যান। শোয়েব ৮৭ বলে ৭২ রানের ইনিংস খেলে আগারকারের বলে বোল্ড আউট হন। এরপর ইনজামাম এবং ইউনিস দলের হাল ধরেন। দলীয় ২৮২ রানে ইউনিসকে আশিষ নেহরা কট এণ্ড বোল্ড করে সাজঘরে পাঠান। নেহরার পরের বলেই আব্দুল রাজ্জাক শেবাগের হাতে ধরা পড়েন। দলীয় ২৯৪ রানে পাক অধিনায়ক ইনজামাম আউট হন আগারকারেরর বলে। দলীয় ৩০৩ রানে আগারকারের বলে কামরান আকমল আউট হওয়ার মধ্যে দিয়ে পাক ব্যাটিংয়ের সমাপ্তি ঘটে। ভারতের পক্ষে আশিষ নেহরা এবং জহির খান ৩ টি করে উইকেট লাভ করেন।
