জাতীয় ক্রিকেটে ৪র্থ বারের মত ঢাকার শিরোপা জয়
ইস্পাহানী জাতীয় ক্রিকেট লিগে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ৪র্থ বারের মত শিরোপা জিতেছে। শনিবার ফতুল্লা স্টেডিয়ামে চট্টগ্রাম এবং ঢাকার ম্যাচটি ড্রয়ের পর ঢাকা তাদের শিরোপা অক্ষুন্ন রাখে।
চ্যাম্পিয়ন ঢাকার সংগ্রহ ৪১ পয়েন্ট। লীগে দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহীর সংগ্রহ ৩৪। অন্যদিকে, চট্টগ্রামের সংগ্রহ ২৭ এবং খুলনার সংগ্রহ ২৪ পয়েন্ট। এছাড়া সিলেট এবং বরিশাল উভয় দলের সংগ্রহ ১৬ পয়েন্ট।
নবম রাউন্ডের খেলায় চট্টগ্রাম তাদের প্রথম ইনিংসে ঢাকার প্রথম ইনিংসের সমান ২৮৮ রান সংগ্রহ করে । চতুর্থ দিনশেষে চট্টগ্রামের সামনে ২৭৯ রানের জয়ের লক্ষ্য দাড়ায়। জবাবে চট্টগ্রাম ২১৩ রান করলে চতুর্থ দিনের খেলা শেষ হয়ে যায় এবং ম্যাচ ড্র হয়। বাইলজ অনুযায়ী দু’টি দল যদি প্রথম ইনিংসে একই স্কোর করে আর সেই ম্যাচটি ড্র হয় তাহলে দু’দলই তিন পয়েন্ট করে লাভ করবে। ঢাকা দল নবম রাউন্ড থেকে তিন পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হওয়ায় ৪১ পয়েন্ট নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই শিরোপা জিতে নেয়।
অপর খেলায় বরিশালের বিরুদ্ধে রাজশাহী ৯ উইকেটে জয় লাভ করে এবং সিলেটের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পেয়েছে খুলনা।
