চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের আবাসিক ক্যাম্প
ইংল্যাণ্ড সফরের আগে চট্টগ্রামে আবাসিক ক্যাম্পে যোগ দিতে যাচ্ছে ২০ সদস্যের বাংলাদেশের প্রাথমিক ক্রিকেট দল। আবাসিক ক্যাম্প শুরু হবে রোববার থেকে।
এবারই প্রথমবারের মত ঢাকার বাইরে আবাসিক ক্যাম্পে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। অবশ্য ১৯৯৯ বিশ্বকাপের পূর্বে কক্সবাজারে কণ্ডিশনিং ক্যাম্পের অভিজ্ঞতা রয়েছে ক্রিকেট দলের। ৭ মে ইংল্যাণ্ডের উদ্দেশ্যে দেশ ত্যাগ করার আগে চট্টগ্রামেই ২৯ এপ্রিল পর্যন্ত দলের প্রশিক্ষণ চলবে।
সফরে বাংলাদেশ স্বাগতিকদের সাথে দু’টি টেস্ট এবং একটি তিনজাতি ওয়ানডে সিরিজে অংশ নেবে। তিনজাতি ওয়ানডে সিরিজের অন্য দলটি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২১ এপ্রিল চট্টগ্রামেই চূড়ান্ত দল ঘোষণা করা হতে পারে।
এই মূহুর্তে ক্রিকেট দল অবশ্য বনানী আর্মি স্টেডিয়ামেও অনুশীলন করছে, তবে শনিবার পর্যন্ত এই অনুশীলনের বেশিরভাগ অংশ জুড়েই ছিল ফিজিক্যাল ট্রেনিং।
এদিকে ঢাকায় চলমান ফিটনেস ট্রেনিংয়ের সময় বেশ কয়েকজন খেলোয়াড় ছোটখাট ইনজুরিতে আক্রান্ত হওয়ায় টিম ম্যানেজমেন্ট কিছুটা ভীতির মধ্যে। সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ, মোহাম্মদ আশরাফুল এবং তুষার ইমরান হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত আর পেসার শাহাদত হোসেন রাজিব ভুগছেন পিঠের ব্যাথায়। এর সাথে আবার যুক্ত হয়েছে প্রখর রোদ আর প্রচণ্ড গরম। ফলে খেলোয়াড়রা স্বাভাবিক ফিটনেস প্রশিক্ষণও করতে পারছেন না। এতসব প্রতিকূলতা আর কঠিন ফিটনেস ট্রেনিংয়ের পরও ক্রিকেটাররা নেট প্র্যাকটিসের জন্য নিজেদের প্রস্তুত করে তুলেছেন।
দলের অস্ট্রেলিয়ান ফিজিও পল ক্লজ শনিবার জানান, ‘কয়েকজন ক্রিকেটার ইনজুরিতে থাকলেও তা ছোটখাট আঘাত। চূড়ান্ত নির্বাচনে তাদের বিবেচনা করা হতে পারে।’
