২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা কাপ ফুটবলের চুড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত মুক্তযোদ্ধা - ব্রার্দাস

মৌসুমের প্রথম শিরোপা ঘরে তোলার জন্য প্রস্তুত ঢাকার দুই ফুটবল জায়ান্ট মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং ব্রার্দাস ইউনিয়ন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শনিবার স্বাধীনতা দিবস গোল্ড কাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হচ্ছে দু’দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2005, 05:13 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফাইনাল উপভোগ এবং পুরষ্কার বিতরন করবেন বলে আশা করা হচ্ছে। বিকেল চারটায় অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচটির নির্ধারিত ৯০ মিনিটে কোন গোল না হলে সরাসরি টাইব্রেকোরে গড়াবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই প্রতিযোগিতার আয়োজন করেছে।

চুড়ান্ত লড়াইয়ে মাঠে নামার আগে দু’দলই নিজেদের সেরা পারফরমেন্স দেখিয়ে শিরোপা জয়ের আশাবাদ ব্যক্ত করেছে। তবে দু’দল প্রায় ১৫ দিন প্রতিযোগিতামুলক ফুটবল থেকে দুরে থাকায় ছন্দপতন হওয়ারও আশংকা রয়েছে। মুক্তিযোদ্ধা অবশ্য মাঝে একটি আর্ন্তজাতিক ম্যাচে অংশ নিয়েছে।

মুক্তযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক বলেন,“ মুক্তিযোদ্ধা জয়ের জন্যই খেলবে, কারন আগের ম্যাচগুলোতে ছেলেরা ভালো খেলেছে এবং দলের ছন্দ বজায় থাকবে বলে আমি মনে করি।”

বাতিল হয়ে যাওয়া আগের ফাইনালে মুক্তিযোদ্ধা ১৩ মিনিটেই এক গোলে পিছিয়ে পড়লেও শনিবারের ফাইনালকে শুধু একটি নতুন ম্যাচ হিসেবেই দেখছেন মানিক।

মাসের শুরুতে এএফসি কাপে তুর্কমেনিস্তানের নেবিচি এফসিকে হারিয়ে এমনিতেই ফুরফুরে মেজাজে রয়েছে মুক্তিযোদ্ধা তার ওপর সাসপেনশনে থাকা স্ট্রাইকার মনি এবং মিডফিল্ডার পাপ্পু দলে ফিরছেন। ফলে শনিবার শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে তারা।  

অন্যদিকে বেশকিছুদিন ফুটবল থেকে দুরে থাকায় ব্রার্দাসের কোচ ওয়াজেদ গাজী কিছুটা হতাশ হলেও তার দল শিরোপার জনই লড়বে বলে বিশ্বাস করেন তিনি।

ওয়াজেদ বলেন, “আগের ফাইনালে আমারা রাশিয়ান স্ট্রাইকার ভিক্টরের গোলে ১১ মিনিটেই এগিয়ে গিয়েছিলাম। এখন আবার নতুন করে শুরু করতে হবে।” কিন্তু অসুস্থতার কারনে দলে না থাকায় দল এবার তার সার্ভিস পাচ্ছেনা।

এব্যাপারে গাজী বলেন, “এটা ঠিক যে আমরা ভিক্টরের সার্ভিস থেকে বঞ্চিত হব তারপরও আমি মনে করি তাকে ছাড়াও মুক্তিযোদ্ধাকে হারাতে সক্ষম ব্রার্দাস।” ভিক্টরের জায়াগায় দলে ঢুকছেন মাত্র একটি ম্যাচ খেলা মরোক্কান রিক্রুট আবদেল। আবদেল এক ম্যাচেই দুগোল করেছিলেন।

ব্রার্দাস কোচ অবশ্য শক্তির বিচারে মুক্তিযোদ্ধাকেই এগিয়ে রেখেছেন। এর কারণ হিসেবে ওয়াজেদ বলেন,“ মানিক দলকে চার পাঁচ বছর ধরে গড়ে তুলছে, আর আমি মাত্র কয়েক মাস আগে ব্রার্দাসের দায়িত্ব পেয়েছি।”

মুক্তিযোদ্ধার গোল রক্ষক আমিনুলের কোন বিকল্প নেই আর এটাই তাদের সবচেয়ে বড় সুবিধা বলে মনে করেন ব্রার্দাসের কোচ ওয়াজেদ গাজী।