গ্রান্ড মাষ্টার হতে রিফাত, এনামুলের দরকার এক পয়েন্ট
গ্রান্ড মাষ্টার খেতাব অর্জনের পথে মাত্র এক পয়েন্ট দূরত্বে অবস্থান করছেন বাংলাদেশের দুই আর্ন্তজাতিক মাষ্টার রিফাত বিন সাত্তার এবং এনামুল হোসেন রাজিব।
মুল্যবান এই এক পয়েন্টের জন্য বৃহস্পতিবার টুর্নামেন্টের চুড়ান্ত পর্বে রিফাত এবং রাজিবকে যথাক্রমে রাশিয়ান জিএম আলেকজান্ডার ফোমিনাহ এবং উজবেক জিএম আলদাশেভ সাঈদালীর বিরুদ্ধে জয়ী হতে হবে। আর সেটা যদি সম্ভব হয় তাহলে নিয়াজ মোরশেদ ও জিয়াউর রহমানের পর তারাই হবেন দেশের পরবর্তী গ্রান্ড মাষ্টার।
বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের কনফারেন্স রুমে টুর্নামেন্টের দশম রাউন্ড শেষে রাজিব সাড়ে সাত পয়েন্ট এবং রিফাত সাত পয়েন্ট সংগ্রহ করেছেন।
অন্যদিকে স্বদেশী আর্ন্তজাতিক মাষ্টার শ্রীরাম ঝা’কে হারিয়ে সাড়ে আট পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে এখনও শীর্ষ স্থান ধরে রেখেছেন ভারতের জিএম সূর্য শেখর গাঙ্গুলি।
সাড়ে সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন দু’জন দাবাড়–- আলেকজান্ডার ফোমিনাহ এবং এনামুল হোসেন রাজিব। অন্যদিকে সাত পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন রিফাত বিন সাত্তার ও আলদাশেভ সাঈদালী।
