২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেটের নবম রাউন্ডের প্রথম দিনে বোলাদের দাপট

ইস্পাহানী জাতীয় ক্রিকেটের নবম রাউন্ডের চারদিনের ম্যাচের প্রথম দিন বোলাররা নিজেদের আধিপত্য দেখিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 08:56 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

ফতুল্লা স্টেডিয়ামে চট্টগ্রামের বিরুদ্ধে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা দিনশেষে সাত উইকেটে ২৩৮ রান করেছে। বরিশাল স্টেডিয়ামে রাজশাহীর বিরুদ্ধে স্বাগতিকরা নয় উইকেট খুইয়ে তুলেছে ২৪৬ রান। অন্যদিকে খুলনার বিরুদ্ধে সিলেট স্টেডিয়ামে সাত উইকেটে ২১৪ রান করেছে সিলেট।

ঢাকা বনাম চট্টগ্রাম

৩৫ রানে দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপের মধ্যে পড়ে যায় ঢাকা। দিনের প্রথম বলেই রাশেদুল হককে প্যাভিলিয়নে ফেরত পাঠান তারেক আজিজ। ২৩ রান করে একটু পরই সাজঘরে ফেরেন অন্য ওপেনার মেহরাব হোসেন। এবারও বোলার সেই তারেক আজিজ।

এরপর তৃতীয় উইকেট জুটিতে আনোয়ার হোসেন এবং আল শাহরিয়ার রোকন (৫৪ রান) ৭০ রান করে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। এই জুটিতেও ভাঙ্গন ধরান তারেক আজিজ। আনোয়ার জুটি বাঁধেন অধিনায়ক হালিম শাহ’র সাথে। দু’জনে মিলে চতুর্থ উইকেট জুটিতে ৬০ রান যোগ করেন। ১৮ রান করে হালিম সাব্বিরের বলে আহসানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। অন্যদিকে আনোয়ার ২২১ বলে ৮৬ রানের এক ধৈর্য্যশীল ইনিংস খেলে সেই সাব্বিরের বলেই আউট হয়ে যান।

দিনশেষে অপরাজিত রয়েছেন ফাহিম মুনতাসির এবং আরাফাত সানী। সাব্বির ও তারেক দু’জনই তিনটি করে উইকেট লাভ করেন।

রাজশাহী বনাম বরিশাল

১০৩ রানে সাত উইকেট হারিয়ে ধুঁকতে থাকলেও টেলএন্ডারদের দৃঢ়তায় শেষপর্যন্ত ২০০ রানের পথ পাড়ি দিতে সক্ষম হয় স্বাগতিক বরিশাল।

আট নম্বর ব্যাটসম্যান মোশারফ রুবেল দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন ১৩০ বল খেলে। এছাড়া ৫৯ রানের আরেকটি ঝকঝকে ইনিংস বেরিয়ে আসে আলী আরমানের ব্যাট থেকে। এরা দু’জন মিলে অষ্টম উইকেট জুটিতে ১১২ রান যোগ করেন। দিনশেষে মোহাম্মদ শরিফ ২২ এবং আনিসুর রহমান শুন্য রানে ক্রিজে রয়েছেন।

সিলেট বনাম খুলনা

খুলনার পেসার সাকিব আল হাসান স্বাগতিকদের পাঁচটি উইকেট তুলে নিলেও অল আউট করতে পারেননি। প্রথম দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সাদেকুর রহমান ৩৮ এবং রেজাউল হক নঈম ২ রান নিযে দ্বিতীয় দিনের সূচনা করবেন।

সিলেটের ওপেনার গোলাম রহমানকে ছয় রানে সাজঘরে ফেরত পাঠিয়ে উইকেট দখলের উৎসব শুরু করেছিলেন  জিয়াউর রহমান। পরে পারভেজ আহমেদ (৫৫ রান), ইমতিয়াজ (৮ রান), মনিরুজ্জামান (৩৩ রান), অলোক কাপালী (১৯ রান), গোলাম মাবুদ (৮ রান) এবং সৈয়দ পারভেজকে আউট করে সেই উৎসবে সামিল হন সাকিব।