২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ৩১৬ রান টপকে পাকিস্তানের জয়, সিরিজ এখন ২-২ এ সমতা

পাক-ভারত ৪র্থ ওয়ানডেতে অসাধারণ এক জয় পেয়েছে পাকিস্তান। ইনজামামের ক্যাপ্টেনস নকে পাকিস্তান শেষ বলে জয় পায়। এর আগে টসে জিতে ভারত প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তানের বিপক্ষে ৩১৫ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2005, 07:03 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

পাকিস্তান ৩ উইকেটে হাতে রেখে ম্যাচ জেতে। এ ম্যাচ জয়ের ফলে পাক-ভারত ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ২-২ সমতা। ম্যাচের সেরা নির্বাচিত হন পাকিস্তানের জয়ের নায়ক অধিনায়ক ইনজি।

৩১৬ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে সালমান বাট এবং শহিদ আফ্রিদি পাকিস্তানের  ব্যাটিং সূচনা করেন। শুরুটা ভাল হলেও দলীয় ৬৮ রানের মাথায় বালাজির বলে শচীনের হাতে ধরা পড়ে আফ্রিদি বিদায় নেন। এর আগে আফ্রিদি ২৩ বলে ৪০ রানের ঝড়ো একটা ইনিংস উপহার দেন। দলীয় ১০৭ রানে অপর উদ্বোধনী ব্যাটসম্যান সালমান কার্তিকের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন।

এরপর আব্দুল রাজ্জাক এবং শোয়েব মালিক পাক দলের হাল ধরেন।  দলীয়  ১৮৩ রানের মাথায় শচীনের বলে কার্তিকের তালুবন্দি হন রাজ্জাক। এই জুিট ৭৬ রান করেন। রাজ্জাকের ব্যক্তিগত  সংগ্রহ ৪৪।  রাজ্জাক আউট হওয়ার পর ইনজামাম এবং শোয়েব মালিক দলকে জেতানোর দায়িত্ব নেন। পাক দলের ৫ম উইকেট পড়ে দলীয় ২৫৩ রানে। শোয়েব মালিক কার্তিকের বলে বালাজির হাতে ধরা পড়েন। তার ব্যক্তিগত সংগ্রহ ৬৫। শোয়েব অউট হওয়ার পরপরই ইউসুফ ইয়োহানা জহির খানের বলে বালাজির হাতে ধরা পড়েন। পাকিস্তানের ৭ম উইকেট পড়ে দলীয় ২৯৫ রানে। কামরান অকমল রান আউট হন। ইনজামামের সাহসী ইনিংসের ওপর ভর করেই পাকিস্তানের জয় আসে।

এর আগে সকালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক সৌরভ। লিটল মাস্টার শচীনের অসাধারন শতকে ভারত নির্ধারিত ৪৮ ওভারে ৩১৫ রান করে। শেওয়াগ এবং শচীন ভারতের ব্যাটিং সূচনা করেন। শুরুটা ভাল হলেও দলীয় ৬৫ রানের মাথায় ব্যক্তিগত ২৯ রানে রান আউট হন শেওয়াগ। এরপর ভারতের নতুন তারকা ধোনি ও শচীন খেলার হাল ধরেন। মূলত এই জুটিই ভারতের রানের চাকাকে শক্ত অবস্থানে পৌঁছে দেয়। দলীয় ২৪২ রানের মাথায় ধোনি আউট হওয়ার আগে এই জুটি ১৮৩ রান করে। ব্যক্তিগত ৪৭ রান নিয়ে ধোনি শোয়েব মালিকের বলে কামরান আকমলের হাতে ধরা পড়ে প্যাভেলিয়ানের পথ ধরেন। এরপর ভারতের অধিনায়ক সৌরভ ব্যাটিংয়ে আসেন এবং যথারীতি বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। তবে এবার রান আউট হয়েছেন এই যা। আউট হওয়ার আগে সৌরভ ১৮ রান করেন। সৌরভের পরপরই আউট হন শচীন। দলীয় ২৪৮ রানের মাথায় ব্যক্তিগত ১২৩ রানে শচীন শোয়েব মালিকের বলে আউট হন। ১৩০ বলে ১২ টি চার এবং দুটি ছক্কার সাহায্যে শচীন এই রান করেন। এরপর রাহুল দ্রাবিড় ব্যক্তিগত ১৯ এবং কাইফ ৫ রানে আউট হন। যুবরাজ সিং ৩৫ রান নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। পাকিস্তানের শোয়েব মালক ৬৭ রানে ৩ টি উইকেট এবং মোহাম্মদ সামি ১ টি উইকেট লাভ করেন