দুই উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৩৪
মঙ্গলবার দ্বিতীয় এবং চূড়ান্ত টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে লাঞ্চের আগ পর্যন্ত নিউজিল্যান্ড সংগ্রহ করেছে দুই উইকেটে ১৩৪ রান। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগৃহীত রান থেকে মাত্র ৭৭ রানে পিছিয়ে রয়েছে কিউই বাহিনী। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ১০ উইকেটে ২১১ রান। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে চলমান খেলায় মাঠে রয়েছে কিউই দলের ওপেনার ক্রিগ কামিং এবং লু ভিনসেন্ট। ক্রিগ কামিং ৪২ রান এবং লু ভিনসেন্ট ৩৮ রান করে তৃতীয় উইকেট জুটিতে গড়েছে ৬৪ রানের পার্টনারশীপ।
দ্বিতীয় টেস্ট ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ২১১ রানেই গুড়িয়ে যায়। নিউজিল্যান্ড প্রথম ইনিংসের শুরুটা বেশ ভালই করেছিল। কোন উইকেট না হারিয়ে তারা ৫২ রান সংগ্রহ করে। তবে খেলা শুরুর প্রথম ঘন্টায় মার্শালের উইকেট হারানোর পর সকালের সেসনে বুঝেশুনে ব্যাটিং করে সংগ্রহ করেন ৮২ রান।
শ্রীলঙ্কান পেসার চামিন্দা ভাস ওপেনিং জুটিতে ভাঙ্গন ধরান। তিনি জেমস মার্শালকে ব্যক্তিগত ২৮ রানের সময় ইনসুইংগিং ইউর্কার বলের মাধ্যমে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আউট করেন।
এরপর ভাস ফিরিয়ে দেন জেমস মার্শালের ভাই হামিশ মার্শালকেও। হামিশ মার্শাল প্রথম স্লিপে দাঁড়ানো মাহেলা জয়াওয়ারদেনের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়ানে ফিরে যান।
লু ভিনসেন্ট ৩৮ রানে অপরাজিত থেকে যান। তিনি ৭১ বল মোকাবেলা করে ৩৮ রান সংগ্রহ করেন, যার মধ্যে চার রয়েছে পাঁচটি। এর ফলে লু ভিনসেন্ট টেস্ট ক্রিকেট ম্যাচে ১,০০০ রানে পৌঁছে গেলেন।
