জাতীয় হ্যান্ডবলের শিরোপা ধরে রেখেছে বিডিআর
বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ রাইফেলস এবারও জাতীয় হ্যান্ডবলে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সক্ষম হয়েছে। আউটার স্টেডিয়ামের হ্যান্ডবল কোর্টে সোমবার পেপসি ১৭তম জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে রাইফেলস ৩৭ - ২৪ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়ে শিরোপা জয় করে।
প্রথমার্ধেও চ্যাম্পিয়নরা ১২ - ৬ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের আকরাম সর্বোচ্চ দশ গোল করেন। এছাড়াও রফিক সাতটি এবং রবিউল চারটি গোল করেন। বিজিত পুলিশ দলের নয়ন চারটি ও দিদার দু’টি গোল করেন।
বাংলাদেশ রাইফেলসের সাইদুজ্জামান ফাইনালের সেরা খেলোয়াড় বিবেচিত হন। বিডিআর এবারসহ ১৬ বার জাতীয় হ্যান্ডবলের শিরোপা জয় করেছে।
অন্যদিকে বাংলাদেশ আনসার ২৭- ১২ গোলে ঢাকা জেলা দলকে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় স্থান লাভ করেছে।
খেলাশেষে হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি লে. কর্নেল (অব) এমএ হামিদ পুরষ্কার বিতরন করেন। এসময় ফেডারেশনের সহসভাপতি অধ্যাপিকা হামিদা আলী এবং স্পনসর ট্রান্সকম বেভারেজ লিমিটেডের জেনারেল ম্যানেজার খুরশিদ ইরফান চৌধুরী উপস্থিত ছিলেন।
