মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেটের নবম রাউন্ড
সীমিত ওভারের ম্যাচ দিয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ইস্পাহানী ৬ষ্ঠ জাতীয় ক্রিকেট লিগের নবম রাউন্ড।
১৪ পয়েন্ট নিয়ে ওয়ানডেতে শীর্ষে থাকা রাজশাহী এক ম্যাচ বাকি থাকতেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। তবে এখানে ছোট একটা হিসেবও রয়ে গেছে। এক্ষেত্রে রাজশাহীকে বরিশালের (দুই পয়েন্ট) বিরুদ্ধে জয়ী হতে হবে এবং খুলনার (১০ পয়েন্ট) কাছে হারতে হবে সিলেটকে (১২ পয়েন্ট)।
বরিশাল লিগ টেবিলে নীচের দিকে অবস্থান করলেও তাদের দুর্বল ভাবা ঠিক হবেনা, কারন শক্তিশালী ঢাকাকে ওয়ানডেতে হারিয়ে লিগে প্রথম জয়ও পেয়েছে তারা। ঢাকা (আট পয়েন্ট) ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামের (দুই পয়েন্ট) মুখোমুখি হবে।
অন্যদিকে একটি মাত্র ড্র করলেই দুই ম্যাচ বাকি থাকতেই চারদিনের শিরোপা উঠে যাবে ঢাকার ঘরে। ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ঢাকার চাইতে দশ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে রাজশাহী। চট্টগ্রাম তৃতীয় (২৪ পয়েন্ট), সিলেট এবং খুলনা ১৮ পয়েন্ট করে নিয়ে চর্তুথ স্থানে রয়েছে।
