২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাক-ভারত তৃতীয় ওয়ানডেতে ১০৬ রানের বড় জয় পেয়েছে পাকিস্তান

জামশেদপুরে পাক-ভারত তৃতীয় ওয়ানডেতে ভারতকে ১০৬ রানে পরাজিত করে সিরিজে প্রথম জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। সালমান বাট আর শোয়েব মালিকের দুরন্ত ব্যাটিং ভারতকে পর্যুদস্ত করে দেয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2005, 05:56 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

সকালে টসে জিতে ব্যাটিং প্যারাডাইজ উইকেটে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাক অধিনায়ক ইনজামাম। সালমান বাট এবং শোয়েব মালিকের অসাধারণ ব্যাটিংয়ে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৩১৯ রান করে।

৩২০ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে নাভেদুল হাসানের চমৎকার বোলিংয়ে  ২১৩ রানে  গুড়িয়ে যায় ভারতের ইনিংস। ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন নাভেদুল হাসান রানা।  ৬ ম্যাচের এ সিরিজে ভারত ২-১ এ এগিয়ে রয়েছে।

৩২০ রানের  জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ভারত প্রথমেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়। নাভেদের মারাত্মক বোলিংয়ে মাত্র ২০ রানের মাথায় ভারত মূল্যবান ৩ টি উইকেট হারায়। ভারতীয় দলের ব্যাটিং সেনশেসন বীরেন্দ্র শেওয়াগ  দলীয় ৬ রানের মাথায় নাভেদুলের বলে আফ্রিদ্রির তালুবন্দি হয়ে সাজঘরে ফিরে যান। উইকেটে থিতু হতে না হতেই কিছুক্ষণ পরেই শেওয়াগের পথে হাটেন শচীন। এবার ঘাতক মোহাম্মদ সামি।  সামির বলে ইউনিসের হাতে তালুবন্দি হন শচীন।

দলীয় ২০ রানের মাথায় ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখে আউট হন ভারত অধিনায়ক গাঙ্গুলি। মাঝখানে কিছুটা সময় বিশাখাপত্তমের জয়ের নায়ক ধোনি ভারতীয় সমর্থকদের আশা দেখালেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। নাভেদের বলে ইউনিসের হাতে ধরা পড়ে ফিরে যান ধোনি। দলীয় ৬৬ রানে নাভেদের বলে যুবরাজ, এবং ৮২ রানে দ্রাবিড়কে  মোহাম্মদ সামি ফিরিয়ে দিলে পাকিস্তানের জয় সময়ের ব্যাপার হয়ে দাড়ায়। এরপর ইরাফান পাঠান এবং কাইফ ভারতের পক্ষে হাল ধরার চেষ্টা করেন। এই জুঁটি ভারতীয় দলের পক্ষে ৬৮ রান যোগ করেন। দলীয় ১৪৩ রানে দানিশ কানেরিয়ার বলে ইউনুস খানের হাতে ধরা পড়েন কাইফ। কাইফের ব্যক্তিগত সংগ্রহ ৩২। দলীয় ১৫২ রানে শোয়েব মালিকের বলে আউট হন হরভাজন সিং। এরপর জহির খান এবং ইরফান পাঠান জুঁটি গড়ে স্কোরকে সন্মানজনক একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্ট করেন। ইরফানের অসাধারন ব্যাটিং একসময় ভারতীয়দের জয়ের আশাও দেখায়। কিন্তু দলীয় ২০৪ রানে ইরফান পাঠান স্ট্যাম্পের বাইরের একটি বল খেলতে গেলে ব্যাটের কানায় লাগে। উইকেট কিপার কামরান আকমলের ক্যাচটি তালুবন্দি করতে ভুল করেননি। এবারও নায়ক নাভেদুল হাসান।

দলীয় ২১৩ রানের মাথায় ভারতের শেষ ব্যাটসম্যান আশিষ নেহরা  আউট হলে পাক  শিবিরে উল্লাস নেমে আসে । পাকিস্তানের নাভেদুল ৬টি, মোহাম্মদ সামি ২ টি এবং দানিশ কানেরিয়া ও শোয়েব মালক ১ টি করে উইকেট লাভ করেন।

সকালে টসে জিতে পাকিস্তান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সালমান বাট এবং শহীদ আফ্রিদি পাকিস্তানের ব্যাটিং সূচনা করেন। ৩১ রানের মাথায় প্রথম উইকেট হারায় পাকিস্তান। নেহরার বলে দ্রাবিড়ের  হাতে ক্যাচ দিয়ে আউট হন আফ্রিদি। দ্বিতীয় উইকেট জুঁটিতে শোয়েব মালিক এবং সালমান বাটের অসাধারণ ব্যাটিং পাকিস্তান দলকে শক্ত অবস্থানে পৌঁছে দেন। এই জুঁটি ১৪৫ রান যোগ করে। দলীয় ১৭৬ রানের মাথায় পাকিস্তানের দ্বিতীয় উইকেট পড়ে। শেওয়াগের বলে শচীনের হাতে ধরা পড়ে প্যাভিলিয়নে ফিরে যান শোয়েব। শোয়েবের ব্যক্তিগত সংগ্রহ ৭৫। দলীয় ২১৯ রানে  অধিনায়ক ইনজামাম নেহরার বলে পাঠানের হাতে তালুবন্দি হন। দলীয় ২৩৯ রানে এবং ব্যক্তিগত ১০১ রানে পাকিস্তানের নায়ক সালমান বাট রান আউট হন। পাকিস্তানের ৫ম উইকেট পড়ে দলীয় ২৮৭ রানে। ইয়োহানা ৩১ বলে ৪৩ রান করে হরভজন সিংয়ের বলে দ্রাবিড়ের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন। এরপর আব্দুল রাজ্জাক ১৮, কামরান আকমল ১৪, ইউনিস খান ৯, এবং মোহাম্মদ সামি ৬ রান ছোট ছোট ইনিংস খেলে আউট হন।

ভারতের পক্ষে নেহরা ৩টি এবং যুবরাজ, শেওয়াগ, হরভজন ও জহির খান একটি করে উইকেট লাভ করেন।