জাতীয় ক্রিকেটে আরেকটি জয়ের পথে ঢাকা
ইস্পাহানী জাতীয় ক্রিকেটে চতুর্থ চার দিনের ম্যাচ জয়ের পথে অগ্রসর হচ্ছে ঢাকা। বরিশাল স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় দিনে স্বাগতিকরা ফলো অন পড়লে ঢাকার জয় এখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
ঢাকার প্রথম ইনিংসের ৫৭৪ রান তাড়া করতে নেমে বরিশাল প্রধম ইনিংসে ২১৩ রান করলে ফলো অনে পড়ে দলটি। ঢাকার ফাহিম মুনতাসির সুমিত এবং মেহরাব হোসেন জুনিয়র চারটি উইকেট ভাগাভাগি করে নেন। দ্বিতীয় ইনিংসে বরিশালের সংগ্রহ বিনা উইকেটে ৯১। ইনিংস পরাজয় এড়াতে বরিশালের এখনও ২৭০ রান দরকার। ইমরান আহমেদ ৪০ এবং বিকাশ শর্মা ৩২ রান নিয়ে অপরাজিত রয়েছেন।
রাজশাহী স্টেডিয়ামে খুলনা বিরুদ্ধে জয়ের জন্য রাজশাহী ম্যাচের শেষ দিনে ইনিংস ঘোষনা করতে পারে। খুলনাকে ৩৪৪ রানে অল আউট করে দিয়ে রাজশাহী সবমিলিয়ে ২৪২ রানে এগিয়ে গেছে। প্রথম ইনিংসে তাদের লিডের পরিমান ছিল ৮১ রান। তৃতীয় দিন রাজশাহী দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট তুলেছে ১৬১ রান। হাসানুজ্জামান ২৬ ও আনিসুর রহমান পাঁচ রান নিয়ে ক্রিজে রয়েছেন।
অন্যদিকে সিলেট চট্টগ্রাম ম্যাচ সম্ভবত ড্রয়ের দিকে এগুচ্ছে। সিলেটের প্রথম ইনিংসের ৪৪৮ রানের জবাবে চট্ট্রগাম দিনশেষে সাত উইকেট খুইয়ে ৩২০ রান তুলতে সক্ষম হয়েছে।
ঢাকা বনাম বরিশাল
বরিশালের ওপেনার ইমরান অঅহমেদ, মিডল অর্ডারে প্রসেনজিত এবং তৌহিদ যথাক্রমে ৫২, ৪৬ এবং ৪১ রান করে কিছুটা দৃঢ়তা দেখালেও শেষ তিন ব্যাটসম্যান কোন রান না করেই সাজঘরে ফিরে যান।
ফাহিমের বলে ইমরান এলবিডব্লিউ হওয়ার আগে তৃতীয় উইকেট জুঁটিতে ইমরান ও ইশরাক সনেট ৫০ রান যোগ করেন। পঞ্চম উইকেট জুঁটিতে প্রসেনজিত আর তৌহিদ আরও ৬৬ রান তোলেন।
রাজশাহী বনাম খুলনা
প্রথম উইকেট জুঁটিতে দুই ওপেনার জহুরুল ইসলাম ও রাকিবুল হাসান ৮২ রান করে রাঝশাহীকে উড়ন্ত সূচনা এনে দেন। জুহুরুল ১২০ বলে ৫১ রানের একটি ধৈর্য্যশীল ইনিংস খেললেও রাকিবুল ছিলেন মারমুখী। রাকিবুল নয়টি বাউন্ডারির সাহায্যে ৪৮ রান করেন। দিনশেষে হাসানুজ্জামান ২৬ এবং আনিসুর রহমান পাঁচ রান করে অপরাজিত রয়েছেন। খুলনার সাকিব আল হাসান তিনটি উইকেট লাভ করেন।
এরআগে খুলনা আগেরদিনের ২৬৫ রানের সাথে আরও ৭৯ রান যোগ করতে সমর্থ হলে রাজশাহী ৮১ রানের লিড পায়। রাজশাহীর পেসার আলমগীর কবির ৭১ রান খরচায় ছয় উইকেট তুলে নেন।
সিলেট বনাম চট্টগ্রাম
৮০ রান নিয়ে দিন শুরু করে ওপেনার গাজী সালাউদ্দিন এবং মাসুমুদ্দুল্লাহ তাদের পার্টনারশীপকে ১৯৩ রান পর্যন্ত টেনে নিয়ে যান। অলোক কাপালীর বলে এলবিডব্লিউয়ের শিকার হন মাসুম। অন্যদিকে দলীয় ২২১ রানে গোলাম মওলার বলে নাবিলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন সালাউদ্দিন।
সালাউদ্দিন ২৬৯ বলে নয়টি চার এবং তিনটি ছয়ের মাধ্যমে ১১৯ রান করলেও মাসুম ২২০ বল মোকাবেলায় শম্বুকগতিতে তোলেন ৭২ রান।
লিগের একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান নাজিমউদ্দিন ৩৮ এবং আহসানউল্লাহ এক রান নিয়ে ক্রিজে রয়েছেন। সিলেটের নাবিল সামাদ চার উইকেট লাভ করেন।
