আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেটের শিরোপা জিতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেটের শিরোপা জিতে নিয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয় আট উইকেটে হারায় স্বাগতিকদের। প্রথমে ব্যাট করে জাহাঙ্গীরনগর ৩৪ দশমিক ৩ ওভারে ১২৬ রানে অল আউট হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহাদ তিনটি, রুবেল, সেজান এবং মেহেদী দু’টি করে উইকেট লাভ করেন।
জবাবে ঢাকা ২৫ দশমিক ১ ওভারে দুই উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে দেবাশীষ সর্বোচ্চ ৮৩ এবং পিন্টু ৩৬ রান করেন। দেবাশীষ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
খেলা শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য অধ্যাপাক এনামুল হক খান, অধ্যাপক মেসবাহ উস সালেহীন প্রমুখ।
