২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় লিগের ওয়ানডেতে শীর্ষ স্থান ধরে রেখেছে রাজশাহী

জাতীয় ক্রিকেটের ওয়ানডেতে নিজেদের শীর্ষ স্থান ধরে রেখেছে রাজশাহী। সোমবার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে লিগের অষ্টম রাউন্ডের ওয়ানডে ম্যাচে স্বাগতিকরা খুলনাকে ১১১ রানে হারিয়ে দেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

সিলেটও নিজেদের মাঠে চট্টগ্রামকে তিন উইকেটে হারিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে। অন্যদিকে ঢাকাকে তিন উইকেটে পরাজিত করে বরিশাল লিগে প্রথম জয়ের মুখ দেখেছে।

অষ্টম রাউন্ডের ওয়ানডে ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে  রয়েছে রাজশাহী। দ্বিতীয় স্থানে থাকা সিলেটের পয়েন্ট ১২। এরপরই অবস্থান করছে খুলনা ১০ পয়েন্ট নিয়ে। বরিশাল ও চট্টগ্রামের ভান্ডারে জমা পড়েছে দুই পয়েন্ট করে।

রাজশাহী বনাম খুলনা

প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহী আনিসুর রহমানের অনবদ্য সেঞ্চুরির সুবাদে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে সংগ্রহ করে ২৮৫ রান। ১২ রানে দুই ওপেনার ফিরে গেলে তৃতীয় উইকেট জুটিতে ফরহাদ রেজা ও আনিসুর রহমান ১৩৬ রান করে দলের প্রাথমিক বিপর্যয় সামাল দেন। ফরহাদের আউটের পর আনিস ছয় নম্বর ব্যাটসম্যান হাসানুজ্জামানকে সাথে নিয়ে পঞ্চম উইকেট জুটিতে ৯১ রানের আরেকটি মুল্যবান পার্টনারশীপ গড়ে তোলেন।

ফরহাদ ৬৪ বলে দশটি চারের সাহায্যে ৬৪ রান করেন। হাসানুজ্জামান ৪৭ বলে করেন ৫০ রান। আনিস ১৩৯ বলে ১০১ রান করার পথে নয়টি বাউন্ডারি এবং একটি ছক্কা হাঁকান।

খুলনার মঞ্জুরুল ইসলাম, এসকে রাসেল এবং সালাউদ্দিন উজ্জ্বল প্রত্যেকেই দু’টি করে উইকেট লাভ করেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুলনা ৪৪ দশমিক ৫ ওভারে মাত্র ১৭৪ রানেই গুটিয়ে যায়। জাতীয় দল থেকে বাদ পড়া রাজশাহীর অল রাউন্ডার মুশফিকুর রহমান ৪৬ রানের বিনিময়ে চারটি উইকেট তুলে নেন।

খুলনা একপর্যায়ে ৫২ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকলেও পরের দিকের ব্যাটসম্যানরা দলের ধ্বংসযজ্ঞ ঠেকাতে র্ব্যথ হয়েছেন সম্পূর্নভাবে। কেবল আসা যাওয়ার মধ্যেই ব্যস্ত ছিলেন সবাই। দলের পক্ষে আসাদুল্লাহ সর্বোচ্চ ৪৮ এবং রাসেল ৩০ রান করেন।

সিলেট বনাম চট্টগ্রাম

নিজেদের মাঠে অলোক কাপালীর অল রাউন্ড নৈপুন্যে চট্ট্রগামের বিরুদ্ধে জয় তুলে নেয় সিলেট।

ব্যাটিংয়ে নেমে প্রথমে চট্ট্রগাম ৫০ ওভারে নয় উইকেট খুইয়ে ২০৯ রানের সম্মানজনক স্কোর গড়ে তোলে। দলের পক্ষে উল্লেখযোগ্য সংখ্যক রান করেন- রাব্বি ৩৮, ফয়সাল হোসেন ৩৬, মাসুমুদ্দুল্লাহ ২৩, নাজিম ২২ এবং ধীমান ২২।

কাপালী ৫৩ রান খরচায় তুলে নেন তিনটি উইকেট। এছাড়া আশিকুর রহমান ও হাসিবুল হোসেন শান্তু দু’টি করে উইকেট লাভ করেন।

জবাবে সিলেট ২১ রানে দুই উইকেট হারিয়ে ধাক্কা খেলেও শেষ পর্যন্ত ৩ দশমিক ৪ ওভার হাতে রেখেই সাত উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ইমতিয়াজ হোসেন এবং পারভেজ আহমেদ ৬৩ রান করে ইনিংস কিছুটা মেরামত করেন। ইমতিয়াজ ৪১ ও পারভেজ ২৪ রান করেন। সাব্বির খানের বলে পারভেজ বোল্ড হয়ে গেলে দলের হাল ধরেন অধিনায়ক কাপালী। আউট হওয়ার আগে কাপালী ৭৫ বলে ৫৬ রান করেন চারটি বাউন্ডারির সাহায্যে। চট্টগ্রামের সাব্বির খান ৩৫ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট।

বরিশাল বনাম ঢাকা

অধিকাংশ তারকা খেলোয়াড় হারিয়ে ঢাকা যে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তার প্রমান পাওয়া গেল দুর্বল বরিশালের বিরুদ্ধে তাদের পরাজয়ে মধ্য দিয়ে। বরিশালও এই সুযোগে জাতীয় লিগে তাদের প্রথম জয় তুলে নিয়েছে।

প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা ৪৭ দশমিক ৬ ওভারে ১৯৬ রানেই গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান আসে উইকেট রক্ষক আনোয়ার হোসেনের ব্যাট থেকে। এছাড়া আরাফাত সানী ৩৪, মেহরাব হোসেন জুনিয়র ২৯ এবং হালিম শাহ ২৮ রান করেন।

বরিশাল তিন বল বাকি থাকতেই ১৯৯ রান করে লিগে প্রথম জয়ের স্বাদ পেয়ে যায়। তৌহিদ ৪৭, বিকাশ ২৭, শাহিন ২২, ইমরান ২২ ও আনিসুর রহমান ২০ রান সংগ্রহ করেন।