বিদেশী ফুটবল কোচের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আরও ৩ সপ্তাহ সময় লাগবে
বিদেশী কোচের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আরও তিন সপ্তাহ সময় লাগবে। আর এজন্য ফেডারেশনের টিম ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে অর্থপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বাফুফে টিম ম্যানেজমেন্ট কমিটি আগামী ১০ মে’র মধ্যে তিন আর্জেন্টাইন কোচের ব্যয়বহনের জন্য প্রয়োজনীয় অর্থের উৎস সম্পর্কে পরিষ্কারভাবে জানানোর পরই বিদেশী কোচের ব্যাপারে ফেডারেশন চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করবে। মঙ্গলবার টিম ম্যানেজমেন্ট কমিটির বৈঠকশেষে ফেডারেশনের সাধারন সম্পাদক আনোয়ারুল হক হেলাল একথা জানান।
হেলাল বলেন,“ আমরা ইতিমধ্যে আর্জেন্টিনার দুই কোচ এবং একজন ট্রেনারের সাথে বেতনাদি নিয়ে আলোচনা করেছি কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে চুড়ান্ত চুক্তিতে যেতে পরছিনা।”
ফুটবল ফেডারেশন কর্তৃক মনোনীত তিন আর্জেন্টাইন হচ্ছেন- ভিসেন্ট্রি কায়টিয়ানো রডরিগুয়েজ (হেড কোচ), দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি (ডেভলপমেন্ট কোচ) এবং ভিক্টর আরিয়েল (ট্রেনার)।
এরআগে সাবেক স্ট্রাইকার কাজী সালাউদ্দিনের নেতৃত্বে গঠিত বাফুফে টিম ম্যানেজমেন্ট কমিটি এশিয়া, ইউরোপ এবং ল্যাটিন আমেরিকা থেকে প্রাপ্ত বেশকয়েকজন কোচের জীববৃত্তান্ত যাচাই বাছাই করে আর্জেন্টিনার তিন কোচের ব্যাপারে সিদ্ধান্ত দেয়।
বিদেশী কোচদের ব্যয়বাবদ ফেডারেশনের প্রতিমাসে খরচ হবে ১৮ হাজার মার্কিন ডলার।
