২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় টেস্ট ম্যাচে দলে ফিরছেন শন পোলক

সফরকারি দক্ষিণ আফ্রিকা দলের সাবেক অধিনায়ক শন পোলক সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের জন্য দলে ডাক পেয়ে বারবাডোসে পৌঁছেছেন। তিনি আশা করছেন কেনসিংটন ওভালে তৃতীয় টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকার চূড়ান্ত-১১ খেলোয়ারের মাঝে তার জায়গা হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 02:22 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

৩১ বছর বয়স্ক অল-রাউন্ডার পোলক ৯৩ টেস্ট ম্যাচে ৩১২০ রান করেছেন এবং তুলে নিয়েছেন ৩৭৭ উইকেট। গোড়ালির ইনজুরির কারণে তিনি ডারবানে অবস্থান করছিলেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

পোলক বলেন, “এখন আমি সম্পূর্ণ সুস্থ বোধ করছি। আমি খেলার জন্য প্রস্তুত এবং দলের জন্য খেলতে চাই। আমি অদূর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নই। আমি প্রথমে কিছু দিন ট্রেনিং করবো অতঃপর, দেখা যাক তারপর কি করা যায়।”

তবে এবার তিনি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে একলা যাননি। সঙ্গে নিয়ে গেছেন স্ত্রী এবং কন্যাকে। তিনি গায়ানা ও ত্রিনিদাদে অনুষ্টিত প্রথম ও দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলেননি। বৃহস্পতিবার থেকে তৃতীয় টেস্ট শুরু হতে যাচ্ছে।

দক্ষিণ আফ্রিকা দলের অন্যান্য সদস্য বুধবার ত্রিনিদাদ থেকে বারবাডোসে পৌঁছাবে। শনিবার এবং রবিবার দক্ষিণ আফ্রিকা একটি দু’দিনের ট্যুর ম্যাচ খেলেছে।

পোলক বলেন, “শেষবার বারবাডোসে আমরা চমৎকার খেলা খেলেছি এবং সিরিজে আমরা এগিয়ে রয়েছি তাই দলের খেলোয়াররা বেশ আত্মবিশ্বাসী। আমি বিশ্বাস করি আমি টেস্টে পূর্বের মতোই পারফরমেন্স দেখাতে সক্ষম হবো।”

শেষবার ২০০১ সালে এই দুই দল মুখোমুখি হয়েছিল বারবাডোসে। পোলক সেই ম্যাচে অপরাজিত ১০৬ রান করেছিলেন। উল্লেখ্য যে, বর্তমানে শন পোলক টেস্ট ক্রিকেটে একাদশ সেরা বোলার।