বৃহস্পতিবার শুরু হচ্ছে ফেডারেশন কাপ ফুটবলের ২য় রাউন্ড
স্বাধীনতা দিবস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের কারনে ৪৫ দিন বন্ধ থাকার পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিববত ২০তম ফেডারেশন কাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডের খেলা।
ঢাকা সিটি করপোরেশন মেয়র সাদেক হোসেন খোকা দ্বিতীয় রাউন্ডের খেলা উদ্বোধন করবেন।
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) জেড এ খান বুধবার এক সংবাদ সম্মেলনে একথা জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাফুফে সহসভাপতি সিরাজুল ইসলাম বাচ্চু, আব্দুর রহিম, সাধারন সম্পাদক আনোয়ারুল হক হেলাল, টুর্নামেন্ট কমিটির সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল, পৃষ্ঠপোষক কোহিনূর কেমিকেল ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এমএ খায়ের।
আগামী বছর থেকে ঢাকার বাইরের দলগুলোর প্রাথমিক পর্বে অংশ গ্রহনের মধ্য দিয়ে নতুনভাবে ফেডারেশন কাপ ফুটবলের আয়োজন করা হবে বলে জানান জেড এ খান।
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জেড এ খান বলেন,“ একইসাথে পাঁচটি বিভাগীয় ভেন্যুতে আমরা প্রাথমিক রাউন্ডের ম্যাচগুলো আয়োজন করতে ইচ্ছুক। ঢাকা এবং বিভাগীয় চ্যাম্পিয়নরা সরাসরি চুড়ান্ত পর্বে খেলবে।”
বাংলাদেশ টেলিভিশনে ফেডারেশন কাপের ২৮, ২৯ এপ্রিলের দু’টি সেমিফাইনাল এবং ৩ মে’র ফাইনাল ম্যাচ সম্প্রচারের সম্ভাবনা রয়েছে বলে সাংবাদিকদের জানান জেড এ খান।
দ্বিতীয় রাউন্ডে সরাসরি খেলবে বর্তমান চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা সংসদ, রানার আপ মোহামেডান স্পোর্টিং ক্লাব, গতবারের দুই সেমিফাইনালিস্ট আবাহনী লিমিটেড ও শেখ রাসেল ক্রীড়া চক্র এবং প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ব্রার্দাস ইউনিয়ন। এরআগে ১৮টি দলের অংশগ্রহনে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা শেষ হয় ৫ মার্চ। এই রাউন্ড থেকে ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাব, আরামবাগ কেএস এবং ঢাকা ওয়ান্ডার্রাস ক্লাব গ্র“প চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে খেলা যোগ্যতা অর্জন করেছে।
টুর্নামেন্ট কমিটি মুক্তিযোদ্ধা সংসদ এবং মোহামেডানকে শীর্ষ দল হিসেবে বিবেচনা করে দ্বিতীয় রাউন্ডের গ্র“পিং সম্পন্ন করেছে।
দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় বিকেল চারটায় মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে ঢাকা ওয়ান্ডার্রাস ক্লাবের এবং পরের ম্যাচে আবাহনী লিমিটেড লড়বে আরামবাগের বিরুদ্ধে।
পরদিন প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ খেলবে ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাবের সাথে এবং অন্যম্যাচে দেশের ফুটবল অঙ্গনের নতুন শক্তি শেখ রাসেল ক্রীড়া চক্রের বিরুদ্ধে খেলবে ব্রার্দাস ইউনিয়ন।
