ইংল্যান্ড সফরের জন্য নতুন তিনজনকে নিয়ে জাতীয় ক্রিকেট দল ঘোষণা
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার ইংল্যান্ড সফরের জন্য জাতীয় দল ঘোষণা করেছে। দলে নতুন মুখ তিনজন। এরা হচ্ছেন ওপেনার শাহরিয়ার নাফিস আহমেদ, পেসার শাহাদত হোসেন রাজিব এবং উইকেট রক্ষক মুশফিকুর রহিম।
ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট এবং একটি তিনজাতি ওয়ানডে সিরিজে অংশ নিতে ৬ মে দেশত্যাগ করবে জাতীয় দল। ওয়ানডে সিরিজের অন্যদলটি হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
বিসিবি প্রধান নির্বাচক ফারুক আহমেদ চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে ১৬ সদস্যের জাতীয় ক্রিকেট দলের নাম ঘোষণা করেন। এ সময় বিসিবি উপদেষ্টা এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান রিয়াজ আল মামুন, নির্বাচক আতাহার আলী খান, জিএম নওশের প্রিন্স এবং জাতীয় দলের কোচ ডেভ হোয়াটমোর উপস্থিত ছিলেন।
ঘোষিত দলে বড় চমক হচ্ছে ২০ জনের প্রাথমিক দলের বাইরে থেকে অনুর্ধ্ব ১৯ দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে দলে স্থান দেওয়া। মুশফিক বর্তমানে অনুর্ধ্ব ১৯ দলের অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। মুশফিকের দলে জায়গা পাওয়া অপ্রত্যাশিত হলেও শাহরিয়ার নাফিস এবং পেসার রাজিবের দলে ঢোকাটা একরকম নিশ্চিতই ছিল বলা যায়।
‘ইংল্যান্ডে লম্বা সফরের বিষয়টি মাথায় রেখেই উইকেট রক্ষকের কাছ থেকে যাতে করে যথেস্ট ব্যাক-আপ পাওয়া যায় সেজন্যই মুশফিককে দলে নেওয়া। আর তাছাড়া টেস্ট সিরিজের আগে মুশফিক যদি কিছু প্র্যাকটিস ম্যাচ খেলতে পারেন তাহলে অভিজ্ঞ খালেদ মাসুদকে কিছুটা বিশ্রাম দেওয়া যাবে।’ মুশফিকুর রহিমের দলে জায়গা পাওয়ার ব্যাপারে প্রধান নির্বাচক ফারুকের সাফাইটা ছিল এরকম। তবে দলে স্থান পাওয়া তিনজনের বর্তমান পারফরম্যান্সই তাদের দলে ঢোকার ব্যাপারে মূল বিষয় ছিল বলে জানান ফারুক।
সতের বছর চার মাস বয়সী মুশফিকুর রহিমের প্রথম শ্রেণীর ম্যাচে রান সংখ্যা ২০০। এর মধ্যে একটি সেঞ্চুরি (১১১) এবং একটি হাফ সেঞ্চুরিও রয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পাঁচটি ওয়ানডেতে ২৪ গড়ে ১২২ রান করেছেন মুশফিক। এতে সর্বোচ্চ রান ৫৮।
ওপেনার শাহরিয়ার নাফিস এবং এই মুহূর্তে দেশের সবচেয়ে দ্রুতগতির বোলার হিসেবে বিবেচিত শাহাদত হোসেন রাজিবও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে জিম্বাবুয়ে সফরে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দলে জায়গা করে নিয়েছেন। বড় দৈর্ঘের ম্যাচে বাংলাদেশ ৩ - ০ তে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করলেও ওয়ানডেতে ২ - ৩ এ সিরিজ হেরে যায়।
বিসিবি’র সাথে নতুন করে চুক্তি করা জাতীয় দলের কোচ ডেভ হোয়াটমোর ইংল্যান্ড সফরকে কঠিন হিসেবে বিবেচনা করলেও খেলোয়াড়রা ইংল্যান্ডের ভিন্ন পিচ এবং আবহাওয়ায় নিজেদের যোগ্যতার প্রমাণ রাখতে পারবে বলে মনে করেন। তাছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ বিজয় দলের পারফরম্যান্সের ক্ষেত্রে টনিক হিসেবে কাজ করবে বলে কোচের ধারণা। ঘোষিত দলকে বর্তমান সময়ের সেরা দল বলে অভিহিত করেছেন ফারুক এবং হোয়াটমোর।
নির্বাচকরা জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলা দলটিকে অপরিবর্তিত রাখার চেষ্টা করলেও টেস্ট দলে জায়গা হয়নি মাঞ্জারুল ইসলাম রানার। আর অলোক কাপালীকে ২০ জনের প্রাথমিক দলেই বিবেচনা করা হয়নি। তাছাড়া ইংল্যান্ডের আবহাওয়া এবং পিচ কন্ডিশন বিবেচনা করে দলে পাঁচ পেসারকে অর্ন্তভুক্ত করা হয়েছে।
বিসিবি সভাপতি একাদশের হয়ে ভারত সফরে এবং চলমান জাতীয় ক্রিকেট লিগে ভালো খেলা দীর্ঘদেহী পেসার আনোয়ার হোসেন মনির লম্বা বিরতির পর আবার দলে ফিরেছেন। মনির ২০০০২ - ০৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কিম্বারলিতে শেষ টেস্ট খেলেছিলেন।
টেস্ট দলে জায়গা না হলেও ওয়ানডে স্কোয়াডে রয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ, তুষার ইমরান, নাজমুল হোসেন এবং মাঞ্জারুল ইসলাম রানা। টেস্ট সিরিজ শেষ হওয়ার পর চারজন ক্রিকেটার দেশে ফিরলে তাদের স্থলাভিষিক্ত হবেন এই চারজন।
এর আগে ২০ সদস্যের প্রাথমিক দল ঢাকার আর্মি স্টেডিয়ামে ফিটনেস ট্রেনিংয়ে অংশ নেয় এবং ১৭ এপ্রিল চট্টগ্রামে আবাসিক ক্যাম্পের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।
বাংলাদেশ দল: হাবিবুল বাশার (অধিনায়ক), খালেদ মাসুদ (সহঅধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল, জাভেদ ওমর, রাজিন সালেহ, নাফিস ইকবাল, আফতাব আহমেদ, শাহরিয়ার নাফিস আহমেদ, মোহাম্মদ রফিক, এনামুল হক জুনিয়র, মাশরাফি বিন মর্তুজা, তাপস বৈশ্য, আনোয়ার হোসেন মনির, তালহা জুবায়ের এবং শাহাদত হোসেন রাজিব।
