২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেডারেশন কাপ ফুটবলের ২য় রাউন্ডে মোহামেডান, আবাহনীর শুভসূচনা

তিব্বত ২০তম ফেডারেশন কাপের ২য় রাউন্ডে শুভ সূচনা করেছে দেশের দুই ফুটবল পরাশক্তি মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং আবাহনী লিমিটেড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 09:25 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

বৃহস্পতিবার ২য় রাউন্ডের উদ্বোধনী দিনের প্রথম খেলায় মোহামেডান ২- ১ গোলে ঢাকা ওয়ার্ন্ডারাসকে এবং আবাহনী এক গোলে হারায় আরামবাগকে।

ম্যাচ জিতলেও দু’দলের খেলায় ছিলনা কোন সুষ্ঠু পরিকল্পনার ছাপ। খেলোয়াড়রা তাদের নামের প্রতি সুবিচার করতে পারেননি।

প্রথম ম্যাচে মোহামেডানের ছন্নছাড়া খেলার সুযোগে ঢাকা ওয়ান্ডার্রাস পুরকল্পিত ফুটবল উপহার দিয়ে সাদাকালো শিবিরে আতঙ্ক ছড়িয়ে দেয়। কিন্তু শুধুমাত্র দক্ষ ফিনিশারের অভাবে মোহামেডানের পয়েন্টে ভাগ বসাতে ব্যার্থ হয় ওয়ান্ডার্রাস।

ম্যাচের তিন মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। আলফাজের বাঁকানো ফ্রি কিকটি

ওয়ান্ডার্রাসের গোলরক্ষক সোহেলকে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায়।

গোল খাওয়ার পর মরিয়া হযে আক্রমন চালায় ওয়ান্ডার্রাস। বেশকয়েকটি সুযোগ তৈরী করতে পারলেও সবগুলোই নষ্ট হয়ে যায় ফরোয়ার্ডদের ব্যর্থতায়। ৩০ মিনিটে নারায়নের একটি দুরপাল্লার শট মোহামেডানের গোলরক্ষক বিপ্লব ফিরিয়ে দিয়ে দলকে বিপদের হাত থেকে রক্ষা করেন। ৪৫ মিনিটে আরকেটি সহজ সুযোগ নষ্ট করেন মিলন। তবে ৫৯ মিনিটে আর ভুল করেননি মিলন। ডান দিক থেকে অপুর কাছ থেকে উড়ে আসা বল মোহামেডানের জারে জড়িয়ে দিয়ে দলকে এগিয়ে দেন মিলন।

ম্যাচে সমতা ফেরার পর ওয়ান্ডার্রাসের আক্রমনের ধার আরও বেড়ে যায়। এসময় তারা দু’টি ভালো সুযোগ তৈরী করলেও বিপ্লবের দৃঢ়তায় সেসব সফলতার মুখ দেখেনি।

৬৯ মিনিটে মোহামেডানের বদলী খেলোয়াড় আশরাফুল কাদের আলফাজের হেড থেকে বল পেয়ে দলের পক্ষে জয়সূচক গোল করে সাদাকালো সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন।

দিনের অপর ম্যাচেও আবাহনী অগোছালো খেলা উপহার দিলেও তাদের বিদেশী রিক্রুট কিয়াক সমর্থকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন।

গোলের জন্য আবাহনীকে ৫১ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। মধ্যমাঠ থেকে পারভেজের ঠেলে দেয়া বল ফরহাদ আরামবাগের জালে পাঠাতে দেরি করেননি। এক মিনিট পর ফরহাদ আবার দলকে এগিয়ে দিতে পারতেন। কিন্তু আবাহনীর এই ছোটখাট স্ট্রাইকার আরামবাগের দূর্গ অরক্ষিত পেলেও বলে পা ছোঁয়াতে ব্যর্থ হলে এক গোলেই সন্তুষ্ট থাকতে হয় আবাহনীকে।

এরআগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এসএ সুলতান এমপি কবুতর এবং বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন। বাফুফে সাধারন সম্পাদক আনোয়ারুল হক হেলাল, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জেড এ খান, সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধি এমএ খায়ের এসময় উপস্থিত ছিলেন।