২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্টের চাইতে পাকিস্তানের ওয়ানডে দল বেশি ব্যালেন্সড- উলমার

টেস্টের পর ভারতের বিরুদ্ধে ওয়ানডে দলে নতুন অস্ত্র যোগ করা হয়েছে এবং এই দলটি বেশি শক্তিশালী বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের কোচ বব উলমার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2005, 05:29 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

বাঙ্গালোরে শেষ টেস্টে ভারতকে হারিয়ে পাকিস্তান তিন টেস্টের সিরিজে ১- ১ এ সমতা আনতে সক্ষম হয়। কলকাতায় দ্বিতীয় টেস্টে ভারত ১৯৫ রানে জয়ী হয়।

সিরিজ শুরুর আগে অবশ্য পাকিস্তানের এই দলটি নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়।  সমালোচকদের মন্তব্য ছিল পাঁচ দশকের মধ্যে সবচেয়ে দুর্বল দল ছিল এটি। তবে কোচের মতে ভারত সফরে দল অভাবনীয় পারফরম্যান্স দেখাতে সক্ষম হয়েছে।

উলমার বলেন, “দল যেভাবে লড়াই করেছে তাতে আমি খুবই খুশি। এভাবে খেলতে থাকলে পাকিস্তান ভালো দলে পরিনত হবে। এছাড়া টেস্টের চাইতে আমাদের ওয়ানডে দল আরও বেশি শক্তিশালী।”

সাত অথবা আট ব্যাটসম্যান এবং ছয় বোলার নিয়ে যেকোন দলই ওয়ানডের জন্য ব্যালেন্সড দল বলে মনে করেন উলমার। কোচ উলমার বলেন, “বেশ কয়েকজন উচুঁমানের ব্যাটসম্যান এবং ভালো ফিল্ডিং সাইডও রয়েছে আমাদের।”

ভারতের বিরুদ্ধে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শনিবার কোচিনে অনুষ্ঠিত হবে।