জাতীয় দলের প্রশিক্ষনে ডাক পেলেন তুষার ইমরান এবং আনোয়ার হোসেন
জাতীয় ক্রিকেট দলের দু’দিনব্যাপী প্রশিক্ষণ শিবিরে ডাক পেয়েছেন ব্যাটসম্যান তুষার ইমরান এবং পেসার আনোয়ার হোসেন মনির। জুনে ইংল্যান্ড সফরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুধবার ২০ সদস্যের বাংলাদেশ প্রাথমিক দলের নাম ঘোষনা করেছে।
দলের অন্য দুই নতুন সদস্য হলেন, অনুর্ধ্ব ১৯ দলের ব্যাটসম্যান শাহরিয়ার নফিস আহমেদ এবং পেসার শাহাদত হোসেন রাজিব। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে কয়েকমাস আগে জিম্বাবুয়ে সফরে চমৎকার পারফরম্যান্সের জন্যই দলে ডাক পেলেন তুষার, শাহরিয়ার এবং শাহাদত। অন্যদিকে চলতি জাতীয় ক্রিকেটে ভালো খেলে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন আনোয়ার হোসেন মনির।
আর্মি স্টেডিয়ামে ৪ এপ্রিল থেকে শুরু হবে জাতীয় দলের দু’দিন ব্যাপী প্রশিক্ষন শিবির।
ইংল্যান্ড সফরে স্বাগতিকদের সাথে দু’টি টেস্ট ছাড়াও একটি তিনজাতি ন্যাট ওয়েস্ট ওয়ানডে সিরিজেও অংশ নেবে বাংলাদেশ । তিনজাতি ওয়ানডে সিরিজের অপর দলটি হচ্ছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্ট লর্ডসে ২৬ মে এবং রিভারসাইডে দ্বিতীয় টেস্ট ৩ জুন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ প্রাথমিক দল: হাবিবুল বাশার (অধিনায়ক), খালেদ মাসুদ, খালেদ মাহমুদ, মোহাম্মদ রফিক, জাভেদ ওমর, মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ, মাশরাফি বিন মর্তুজা, তাপস বৈশ্য, নাফিস ইকবাল, আফতাব আহমেদ, তুষার ইমরান, শাহরিয়ার নাফিস আহমেদ, মাঞ্জারুল ইসলাম রানা, এনামুল হক জুনিয়র, নাজমুল হোসেন, আনোয়ার হোসেন মনির, তালহা জুবায়ের, শাহাদত হোসেন রাজিব এবং আব্দুর রাজ্জাক।
