প্রতিবছর পাক- ভারত টেস্ট সিরিজ আয়োজনের চেষ্টা
১২ মাস ব্যবধানে দু’টি পাক ভারত টেস্ট সিরিজ আয়োজকদের প্রতিবছরই এই সিরিজ আয়োজনে উদ্বুদ্ধ করছে। দুই চির প্রতিদ্বন্দ্বির লড়াইয়ের সময় ঠিক করার জন্য মঙ্গলবার থেকে প্রক্রিয়াও শুরু হয়ে গেছে।
১৫ বছর পর গত মার্চ এপ্রিলে পাকিস্তান সফর করে ভারত। সফরে ভারত মুলতান এবং রাওয়াইপিন্ডি টেস্ট জয় করলেও লাহোর টেস্ট ড্র হয়। অন্যদিকে ছয় বছর পর ভারত সফরে গিয়ে পাকিস্তান টেস্ট সিরিজ ১- ১ এ ড্র করতে সক্ষম হয়। কলকাতায় দ্বিতীয় টেস্টে ভারত ১৯৫ রানে জয় পেলেও বাঙ্গালোরে শেষ টেস্টে পাকিস্তানের কাছে ১৬৮ রানে হেরে যায়।
মোহালীতে প্রথম টেস্টে পাকিস্তান ৫৩ রানের লিড নিয়ে দারুন লড়াই করে। শেষ দিনে সপ্তম উইকেট জুটিতে কামরান আকমল এবং আব্দুর রাজ্জাকের মাটি কামড়ানো লড়াই ভারতকে ম্যাচ জয়ের স্বাদ নিতে বাধা দেয়।
প্রতিবছর সিরিজ আয়োজনের জন্য আলোচনা চলছে বলে নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান।
শাহরিয়ার বলেন,“ শেষ দু’টি সিরিজ আমাদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। দুই দেশের ক্রিকেটের জন্য এটা মঙ্গলজনক।”
আগামী বছর জানুয়ারীতে ভারত তিনটি টেস্ট এবং ছয়টি ওয়ানডে খেলার জন্য পাকিস্তান সফর করবে। এরপর পাকিস্তানে এশিয়া কাপ ক্রিকেটেও ভারত অংশ নেবে।
আইসিসির শিডিউল অনুযায়ী আগামী ছয় বছর টেস্ট খেলুড়ে দশটি দেশ হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে। এরবাইরে পাক- ভারত সিরিজ এবং অ্যাশেজ সিরিজও অনুষ্ঠিত হবে।
রাজনৈতিক উত্তেজনার কারনে এরআগে বেশ কয়েকবার পাক ভারত ক্রিকেট সিরিজ বন্ধ ছিল। ১৯৫২ থেকে ১৯৭৮, ১৯৮৯ থেকে ১৯৯৯ এবং ২০০০ থেকে ২০০৪ দু’দেশের মধ্যে কোন রকম ক্রিকেট সম্পর্ক ছিলনা।
ভারতীয় ক্রিকেট বোর্ড কর্মকর্তা গৌতম দাশগুপ্তা জানান, “ প্রাথমিকভাবে আমরা প্রতিবছর খেলতে আগ্রহী। এব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি।”
