স্বাধীনতা দিবস ফুটবলের চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত মুক্তিযোদ্ধা ও ব্রাদার্স
মৌসুমের প্রথম ফুটবল টুর্নামেন্ট স্বাধীনতা দিবস গোল্ড কাপ ফাইনাল নিয়ে ক্রীড়াঙ্গনে উত্তেজনা ছড়াতে শুরু করেছে। বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ এবং ব্রাদার্স ইউনিয়ন দ্বৈরথ। ম্যাচকে ঘিরে দুই দলের কোচই আশাবাদী। মাঠে যে দল ভালো খেলবে তারাই ম্যাচ জিতবে বলে মনে করেন দুই কোচই।
মুক্তিযোদ্ধা সংসদের কোচ শফিকুল ইসলাম মানিক মনে করেন, ব্রাদার্সের চাইতে তার দল পারফরম্যান্সের বিচারে এগিয়ে রয়েছে। দল এই পারফরম্যান্স ধরে রেখে শিরোপা জয় করতে সক্ষম হবে বলে আশাবাদী মানিক।
মানিক বলেন, ৯০ মিনিট যে দল ভালো খেলবে তারাই ম্যাচ জিতবে। কিন্তু পারফরম্যান্স বিচারে আমার দল আগামীকাল ফাইনালে ব্রাদার্সের চাইতে ভালো খেলবে।
অন্যদিকে নিজের দলের চাইতে মুক্তিযোদ্ধাকে ভালো বলতে নারাজ ব্রাদার্সের কোচ ওয়াজেদ গাজী। তবে মুাক্তযোদ্ধাকেও খাটো করে দেখছেন না তিনি। ওয়াজেদের মতে, ফাইনালে দু’দলেরই সমান সমান সুযোগ রয়েছে।
ব্রাদার্সের কোচ বলেন, যে দল ম্যাচের গতিপ্রকৃতির সাথে তাল মেলাতে পারবে তারাই জয়ী হবে। এছাড়া যে দল আগে গোল করতে পারবে ফাইনাল ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যাবে বলে মনে করেন ওয়াজেদ।
আবাহনীর বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে না পারা ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধার গোলরক্ষক আমিনুল, প্লে মেকার আরমান মিয়া এবং নাইজেরিয়ান স্ট্রাইকার পল ফাইনালে দলের হয়ে মাঠে নামছেন। কিন্তু সেইসাথে দুই হলুদ কার্ডের খাড়ায় পড়ে যাওয়ায় মিডফিল্ডার পাপ্পু এবং মনিরের সার্ভিস থেকে বঞ্চিত হবে তারা।
অন্যদিকে লিগ চ্যাম্পিয়ন ব্রাদার্স দলের পুরো শক্তি নিয়েই মাঠে নামবে আগামীকালের ম্যাচে। মরোক্কার হিশাম ইনানী সামান্য ইনজুরিতে থাকলেও ফাইনালে খেলতে পারবেন বলে আশা করছেন কোচ।
মুক্তিযোদ্ধার অধিনায়ক দেশসেরা গোল রক্ষক আমিনুল মনে করেন, প্রতিপক্ষ শিবিরে আতঙ্ক ছড়ানো বেলালের লম্বা থ্রো-ইন দলের জন্য একটি প্লাস পয়েন্ট।
আমিনুল বলেন, গত মৌসুমে না পারলেও আমাদের স্ট্রইকাররা এবার প্রতিটা ম্যাচেই গোলের দেখা পেয়েছে। কাঞ্চন, মনি এবং পলের সমন্বয়ে গড়া মুক্তিযোদ্ধার ডিফেন্স বেশ শক্তিশালী।
আমিনুলের বক্তব্যের জবাবে ব্রাদার্স কোচ ওয়াজেদ গাজী বলেন, ফরাশগঞ্জের সাথে দু’গোল হজম করলেও সেটা ছিল গোলরক্ষকের ভুল। এছাড়া আমাদের ডিফেন্সেও কোন ফাঁক নেই। ব্রাদার্সের ডিফেন্স লাইনেও রয়েছেন দেশসেরা জুলের রানা, মাসুদ রানা এবং মোহাম্মদ সুজন।
দলের বর্তমান হাল সম্পর্কে ওয়াজেদ জানান, ম্যাচে যদি ম্যান টু ম্যান মার্কিং করে খেলা না হয় তাহলে আমাদের রাশিয়ান স্ট্রাইকার এডওয়ার্ডও কম বিপজ্জনক নয়। আর বেলালের লম্বা থ্রো-ইন ঠেকানোর জন্য আমাদের ভিন্ন পরিকল্পনাও রয়েছে।
গোলরক্ষক আমিনুলের যেহেতু কোনও বিকল্প নেই সেক্ষেত্রে তিনিই মুক্তিযোদ্ধার জন্য একটি বাড়তি পাওনা বলে মনে করেন গাজী।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার ফাইনাল ম্যাচ উপভোগ এবং পুরস্কার বিতরণ করবেন বলে আশা করা হচ্ছে।
