স্বাধীনতা দিবস ফুটবলের ফাইনালে ব্রাদার্স
শেষ মুহুর্তে আবুলের গোলে মোহামেডানকে পরাজিত করে স্বাধীনতা দিবস গোল্ড কাপ ফুটবলের ফাইনালে উঠে গেছে ব্রার্দাস ইউনিয়ন ক্লাব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে রোববার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে দু’দল মুখোমুখি হয়।
ব্রাদার্স ৩০ মার্চ এই মাঠেই ফাইনালে গত বছরের ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধার সাথে লড়বে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফাইনাল ম্যাচ উপভোগ এবং পুরষ্কার বিতরন করবেন।
শুরু থেকেই মাঠের পুরো নিয়ন্ত্রণই ছিল ব্রাদার্সের হাতে এবং ভালো খেলে যোগ্যদল হিসেবেই তারা মোহামেডানকে পরাজিত করে। মরোক্কার হিশাম ইনানী, প্রানতোষ এবং তরুন আবুল হোসেন মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে কয়েকবারই সাদাকালো শিবিরে হানা দিয়েছেন।
অন্যদিকে আলফাজ, নকিব কোরিয়ান কিম জিউয়ের সমন্বয়ে গঠিত শক্তিশালী আক্রমন ভাগ এবং জুয়েল রানা, মাসুদ রানা এবং সুজনকে নিয়ে গড়া প্রাচীরসম ডিফেন্স নিয়ে ব্রার্দাসের বিরুদ্ধে মাঠে নামে মোহামেডান। কিন্তু স্থানীয়দের পাশাপাশি দুই কোরিয়ানের পারফরম্যান্সও ছিল হতাশাজনক।
১৩ মিনিটে প্রথম আক্রমন চালায় ব্রাদার্স। বিপজ্জনক স্থান থেকে নেয়া খোকনের শটটি মোহামেডানের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে গেলে সে যাত্রায় বেঁেচ যায় মতিঝিল পাড়ার ক্লাবটি। ২৫ মিনিটে ইনানীর আরেকটি আক্রমন গোলরক্ষক বিপ্লব ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন।
ব্রার্দাসের ঝড়ো আক্রমনের মুখে দিশেহারা মোহামেডান ছয় মিনিট পর আবারও বেঁচে যায়। সেই খোকনের ৩০ গজ দুর থেকে নেয়া শটটি গোলবার উচিয়ে চলে গেলে হাফ ছেড়ে বাঁচে মোহামেডান।
প্রথমার্ধটা কাটে গোলশুন্যভাবে। ৬২ মিনিটে আসে ব্রার্দাসের সেই মাহেন্দ্রক্ষন। রাশিয়ান এডোয়ার্ডের পাস থেকে বল পেয়ে মোহামেডানের দুইজন ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়িয়ে দেন আবুল।
এরআগে মোহামেডানের জিউয়ের একটি কোনাকুনি শট ব্রার্দাসের পোষ্টের বাইরে দিয়ে চলে যায়। ৭৩ মিনিটে এডোয়ার্ডের আক্রমন বিপ্লব কর্নারের বিনিময়ে রক্ষা না করলে দ্বিতীয় গোলের দেখা পেয়ে যেত গোপীবাগের দলটি। শেষ পর্যন্ত এই এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্সকে।
