২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিদির ঝড়ো ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান

বাঙ্গালোর টেস্টে দ্বিতীয় ইনিংসে আফ্রিদির ঝড়ো অর্ধশতক এবং ইউনিস খানের অপরাজিত ৮৪ রানের উপর ভর করে ভারতের সামনে ৩৮৩ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2005, 08:29 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

আফ্রিদি মাত্র ২৬ বলে হাফ সেঞ্চুরি করেন। একই সাথে টেস্টে দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরির মালিকও বনে যান আফ্রিদি। দিন শেষে পাকিস্তান দুই উইকেটে ২৬১ রান তুলে ইনিংস ঘোষনা করে।

জবাবে ভারত কোন উইকেট না হারিয়ে ২৫ রান তুলতে সক্ষম হয়েছে। গৌতম গম্ভীর ১৯ এবং শেওয়াগ ছয় রান নিয়ে ক্রিজে রয়েছেন। জয়ের জন্য ভারতের এখন আরও ৩৫৮ রান করতে হবে, হাতে রয়েছে সবকটি উইকেট এবং পুরো একটি দিন।

প্রথম ইনিংসে জোড়া শতক হাকানো ইউনিস যখন টানা দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি থেকে মাত্র ১৬ রান দুরে তখনই ইনিংস ঘোষনা করেন ইনজামাম। কলকাতা টেস্টে হেরে পাকিস্তান সিরিজে ১- ০ তে পিছিয়ে রয়েছে।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আফ্রিদির মারমুখী ব্যাটিংয়ে পাকিস্তান উড়ন্ত সূচনা করে। ৩৬ বলে ৫৮ রান করার পথে আফ্রিদি আটটি চার এবং দু’টি ছক্কা মারেন। এছাড়া ইয়াসির হামিদ ৭৬ রান করে সপ্তম টেস্ট অর্ধশতকের দেখা পান। অধিনায়ক ইনজামাম অপরাজিত ৩১ রান করেন।

আফ্রিদির তান্ডবের মুখে রীতিমত অসহায় হয়ে পড়েন ভারতীয় বোলাররা। অনিয়মিত বোলার টেন্ডুলকারের প্রথম পাঁচ ওভারে পাকিস্তান তুলে নেয় ৪৫ রান। সেই টেন্ডুলকারের বলেই স্ট্যাম্পড হয়ে প্যাভেলিয়নের পথ ধরেন আফ্রিদি। তবে আউট হওয়ার আগে ইয়াসির হামিদের সাথে প্রথম উইকেট জুটিতে ১২ দশমিক ৪ ওভারে ৯১ রান করে আসল কাজটি ঠিকই করে দিয়ে যান।

এরআগে আগের দিনের ছয় উইকেটে ৩৭৯ রান নিয়ে খেলতে নেমে ভারত প্রথম ইনিংসে ৫৭০ রান তুলে অল আউট হয়ে যায়। মাত্র দশ রানের মধ্যে ভারতের শেষদিকের তিনজন ব্যাটসম্যান আউট হলেও কুম্বলে এবং হরভজন কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন।

এখানেও বাধা হয়ে দাঁড়ান আফ্রিদি। নিজের প্রথম ওভারেই ফিরিয়ে দেন কুম্বলেকে।

স্পিনার দানিশ কানেরিয়া ১২৭ রানে তুলে নেন পাঁচ উইকেট। ২৬ টেস্টে কানেরিয়ার এটা দশমবারের মত পাঁচ উইকেট শিকার।