স্বাধীনতা দিবস ফুটবলের ফাইনালে মুক্তিযোদ্ধা
স্বাধীনতা দিবস গোল্ড কাপ ফুটবলের ফাইনালে উঠে গেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আবাহনী লিমিটেডকে দুই গোলে পরাজিত করে ফাইনালের টিকিট পায় দলটি।
বিজয়ী দলের ঘানার খেলোয়াড় চার্লস ঘানসা এবং সাইফুর রহমান গোল দু’টি করেন। পেল মেকার আরমান, নাইজেরিয়ান পল এবং দেশসেরা গোল রক্ষক আমিনুলকে ছাড়া এদিন মাঠে নামলেও গোছানো ফুটবল উপহার দেয় মুক্তিযোদ্ধা। অন্যদিকে ফরাশগঞ্জকে কষ্টেসৃষ্টে হারিয়ে সেমিফাইনালে উঠা আবাহনী ছিল প্রথম থেকেই অগোছালো। তবে বিরতির পর ২০ মিনিট সময় অভিজাত পাড়ার দলটি কিছুটা গুছিয়ে খেলার চেষ্টা করেছে।
মুক্তিযোদ্ধার রজনী, হ্যারি ও বেলালের প্রতিরোধের কাছে হার মানে আবাহনীর স্ট্রাইকাররা। এছাড়া গোলবারের নিচে আমিনুলের অনুপস্থিতিতে আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন তরুণ গোল রক্ষক তিতুমীর চৌধুরী টিটু। সব মিলিয়ে সেমিফাইনালে আবাহনীর জেতার প্রায় সব পথই বন্ধ করে রেখেছিল মুক্তিযোদ্ধা।
আবাহনীর খেলা দেখে ছুটির দিনের প্রায় সাত হাজার দর্শকও হতাশ হয়েছে। ধানমন্ডির দলটির ডিফেন্ডারদের বেশিরভাগ সময়ই মুক্তির বেলালের লম্বা থ্রো ইনের পেছনে ছুটতে দেখা গেছে।
৪৪ মিনিটেই এগিয়ে যেতে পারত মুক্তিযোদ্ধা। কিন্তু একেবারে নাকে ডগার সামনে গোলবার পেয়েও মনির এগিয়ে দেয়া বলে পা ছোঁয়াতে ব্যর্থ হন কাঞ্চন।
প্রথমার্ধ গোলশুন্যভাবে শেষ হওয়ার পর আবাহনী গা ঝাড়া দিয়ে উঠার চেষ্টা করে। এসময় তারা মুক্তিযোদ্ধার গোল সীমায় বেশ কয়েকবার হানা দিলেও আক্রমনে ধার ছিলনা। ৬৫ মিনিটে বেলালের থ্রো ইন করা বলে কাঞ্চন মাথা ছোঁয়াতে সক্ষম হলেও বল সাইড বারে লেগে বাইরে চলে গেলে আবারও ব্যর্থ হয় মুক্তিযোদ্ধার একটি জোরালো আক্রমন।
৭৫ মিনিটে ম্যাচের গোল খরা কাটিয়ে দেন মুক্তিযোদ্ধার আক্রমনাতœক মিডফিল্ডার ঘানসা। আবাহনীর বক্সের ভিতর ডিফেন্ডার শওকতকে কাটিয়ে বাঁ পায়ের শটে পরাস্ত করেন গোল রক্ষক নিজামকে (১- ০)। সাত মিনিট পর আবার গোলের দেখা পায় মুক্তিযোদ্ধা। এবারও বক্সের ভিতর শিপনকে কাটিয়ে কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দেন মুক্তিযোদ্ধার ভারপ্রাপ্ত অধিনায়ক মনি (২-০)। শেষ পর্যন্ত এই ফল নিয়েই মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা সংসদ।
