২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় দলের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন জন রাইট

পাকিস্তানের বিরুদ্ধে বাঙ্গালোর টেস্টের পরই ভারতীয় দলের দায়িত্ব ছেড়ে দিতে পারেন কোচ জন রাইট। ভারতীয় দলের ঘনিষ্ঠ একটি সূত্র বুধবার একথা জানিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2005, 06:43 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

সূত্র জানিয়েছে, বৃহস্পতিবারের টেস্টই রাইটের শেষ টেস্ট হতে পারে, যদিও পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ এবং এপ্রিলে শ্রীলংকা সফর পর্যন্ত তার দায়িত্বে থাকার কথা রয়েছে। তবে এব্যাপারে অবশ্য কোচ জন রাইট অথবা ক্রিকেট বোর্ডের তরফ থেকে কোন আনুষ্ঠানিক ঘোষনা দেয়া হয়নি।

গত ২০০০ সালে জিম্বাবুয়ের ভারত সফরের আগে ভারতীয় দলের দায়িত্ব নেন সাবেক কিউই অধিনায়ক জন রাইট। রাইটের অধীনে ভারত ২০০১ সালে নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২- ১ এ টেস্ট সিরিজ জয় করে। এছাড়া গত বছর পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবারের মত টেস্ট এবং ওয়ানডে সিরিজও জিতে নেয় ভারত। রাইটের সময়ে ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য অর্জন হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সমালোচকদের মুখে ছাই ঢেলে ভারত ২০০৪ সালে অসিদের নিজেদের মাটিতে ১- ১ এ সিরিজ ড্র করতে সক্ষম হয়।

৮২ টেস্টে ১২ সেঞ্চুরিসহ ৫,৩৩৫ রান করা নিউজিল্যান্ডের সাবেক ওপেনার জন রাইটের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরন করেছেন ভারতের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। গাঙ্গুলি বলেন, “ আমি যতদিন ধরে দলের অধিনায়ক, ততদিন রাইটও দলের একজন সদস্য ।”

গাঙ্গুলি আরও বলেন,“ দলের সাথে তার সম্পর্কটা আমি এবং দলের সবাই বেশ উপভোগ করেছি। ভবিষ্যতে সে যে সিদ্ধান্তই গ্রহন করবে, তার প্রতি আমার শুভেচ্ছা থাকবে।”