ওয়েস্ট ইন্ডিজ দলে খেলতে চান লারা
ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন যে, তিনি জাতীয় স্কোয়াডে ফিরে আসন্ন হোমসিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে ইচ্ছুক। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
লারার বক্তব্যের একদিন আগে ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড লারাকে দলে অর্ন্তভুক্ত না করে দল ঘোষণা করে । কারণ ৩১শে মার্চ থেকে গায়ানায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনুষ্টিতব্য প্রথম টেস্ট ম্যাচে লারা খেলবেন কিনা তা স্পষ্ট করে বলেননি।
লারা প্রস্তাব দিয়েছেন যে, স্পন্সরশীপ বিতর্কে জড়িত অন্য ছয়জন খেলোয়াড়কেও দলে অর্ন্তভূক্ত করা হোক, কিন্তু বোর্ড প্রস্তাবটি নাকচ করে দিয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা রজার ব্রেথওয়েটকে লিখিত এক চিঠিতে লারা বলেন, “ এই পরিস্থিতিতে খেলোয়াড়দের প্রতি আমার যে আস্থা কিংবা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রতি আমার যে আনুগত্যতা তা কোনটাই অস্বীকার করা যায় না। ওয়েস্ট ইন্ডিজ দলে খেলতে আমি মানসিক এবং শারীরিকভাবে সম্পুর্ণ প্রস্তুত । ওয়েস্ট ইন্ডিজের সেরা দল গঠিত হোক এবং বিতর্কিত ইস্যু আলোচনার টেবিলে বসে মিটিয়ে ফেলা হোক এটাই আমার প্রত্যাশা। ”
সাতজন খেলোয়াড়ের সকলেই খেলার অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন কারণ বোর্ড কর্মকর্তাদের অনুমতি না নিয়েই তারা ক্যাবল এন্ড ওয়ারলেসের সাথে চুক্তিতে সই করেছেন। যাদের সাথে ডব্লিউআইসিবির অফিসিয়াল স্পন্সার এবং টেলিকমুনিকেশন প্রতিদ্বন্দ্বী ডিজিসেলের বিবাদ রয়েছে।
