ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে থাকছেন না পোলক
গায়ানার জর্জটাউনে ৩১শে মার্চ থেকে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে। সিরিজে প্রথম টেস্ট ম্যাচে পায়ের গোড়ালীতে চোটের কারণে খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবং অল রাউন্ডার শন পোলক। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
দক্ষিণ আফ্রিকার ফিজিও শেন জব্বর মঙ্গলবার বলেন, পোলকের ইনজুরি পুরনো। অতিরিক্ত বল করার কারণে খেলোয়াড়রা পায়ের গোড়ালির ইনজুরির সম্মুখীন হন। ইনজুরি থেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেরে উঠতে তার কিছুটা সময় লাগবে।”
ইউনাইটেড ক্রিকেট বোর্ড (ইউসিবি) এক বিবৃতিতে জানায়, পেস বোলার শন পোলককে ইনজুরির চিকিৎসা জন্য ডারবানে নিজ আবাসস্থলে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
জব্বর জানান, তাকে নিয়মিত মনিটারিং করা হচ্ছে এবং অতি দ্রুত সুস্থ হয়ে দলে যোগ দেবেন বলে আশা করা যায়। ইউসিবি পোলকের পরিবর্তে কারো নাম প্রকাশ করেনি।
ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সফরের সময় থেকেই পোলক ইজুরির সাথে লড়াই করে যাচ্ছেন। সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তিনি সিরিজের সবকটি ওয়ান ডে ম্যাচে মাঠের বাইরে ছিলেন এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে দুটি টেস্টের মধ্যে একটি টেস্ট ম্যাচে অংশ গ্রহণ করেন।
তবে দক্ষিণ আফ্রিকার জন্য সুখবর হচ্ছে ইনজুরি কাটিয়ে তাদের অপর ফাস্ট বোলার কারেল ল্যাঙ্গভিলেট এবং এনড্রু নেল ফিটনেস পরীক্ষায় উত্তীর্ন হয়েছেন।
জব্বর জানান অল-রাউন্ডার জ্যাক ক্যালিস পশ্চাৎপদের ইনজুরি কাটিয়ে ৮০% সুস্থ হয়ে উঠেছেন।
দক্ষিণ আফ্রিকা দল ক্যারিবিয়ার উদ্দেশ্যে আগামী বুধবার রওয়ানা দেবে।
