২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাক দল কি বাঙ্গালোরে জ্বলে উঠবে?

শুক্রবারের দিনটা চেন্নাস্বামি স্টেডিয়ামের জন্য হতে যাচ্ছে ঐতিহাসিক একটি দিন। কিন্তু দর্শকদের মধ্যে জোর বিতর্ক চলছে, হার্ড-হিটার শাহেদ আফ্রিদি, ইউনুস খান, ইউহানা এবং ইনজামাম উল হক কি জ্বলে উঠতে সক্ষম হবেন! নাকি ভারত শেষ পর্যন্ত টেস্ট সিরিজ জয় করবে?

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2005, 11:50 AM

Updated : 26 Apr 2022, 05:28 PM

কেউই জানেনা কি হবে সিরিজের ফলাফল- কার ভাগ্যে শিকে ছিঁড়বে। আর এ কথাও কারও জানার সুযোগ নেই- পাক শিবিরে তৃতীয় এবং চূড়ান্ত টেস্ট ম্যাচ নিয়ে অধিনায়ক এবং হতাশ খেলোয়ারদের মধ্যে কি পরিমাণ অতিরিক্ত উত্তেজনা এবং সেই সাথে চাপ বিরাজ করছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

সবাই আশা করছে দেরিতে হলেও ইনজামাম দলকে খেলায় ফিরিয়ে আনবেন। যদিও দ্বিতীয় টেস্ট ম্যাচে তিনি মেজাজ ঠান্ডা রাখতে পারেননি- ক্রুদ্ধ হয়ে দস্তানা ছুড়ে মেরেছিলেন। পরে তিনি তা সামাল দেওয়ার চেষ্টা করেন।

পাকিস্তান দলের কর্মকর্তারা বলেন, “যখন আপনি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তখন আপনি দলের সদস্যদের কখনও ধমক দিতে পারেন, আপনার বাচন-ভঙ্গি খেলোয়ারদের কাছে কর্কশ মনে হতে পারে। এসব খুবই সাধারণ বিষয়।”

ল্যাপটপ কোচ নামে খ্যাত এবং বর্তমানে পাকিস্তান দলের কোচ উলমারকে যখন প্রশ্ন করা হয় হরভজন যদি স্পিন ডেলিভারি ‘দুসরা’ পরিবেশন না করেন তাহলে পাকিস্তানি ছেলেরা মনসতাত্ত্বিক দিক থেকে এগিয়ে থাকবে কি না ?

উলমার হেসে বলেন, “কলকাতায় হরভজন যে চারটি উইকেট পেয়েছেন সব কয়টি ‘দুসরা’ ডেলিভারি করে পেয়েছেন। আমি মনে করি না এটা থ্রো বল।”

যাই হোক, হরভজন ‘দুসরা’ ডেলিভারি না খেললেও এক মুহূর্তের জন্যও পাকিস্তানি দলে বিশ্রামের কোনও সুযোগ নেই।

মঙ্গলবার ভারতীয় কোচ জন রাইট জানান, চাপের মধ্যে থাকা ভারতীয় অফ-স্পিনার হরভজন সিংয়ের পাশে রয়েছে টিম কর্মকর্তারা।

তিনি আরও বলেন, “হরভজনের বোলিংয়ের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ‘দুসরা’ এবং আমি আশা করি এই ডেলিভারির মাধ্যমে তিনি আরও উইকেট পাবেন। আমি আরও আশা করি হরভজন তার ৪০তম টেস্ট ম্যাচে যেভাবে বল করেছিলেন বাঙ্গালোরেও ঠিক সেভাবেই বল করবেন।”