২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেটে তৃতীয় চারদিনের ম্যাচে ঢাকার জয়

ইস্পাহানি জাতীয় ক্রিকেটে তৃতীয় চারদিনের ম্যাচেও জয় পেয়েছে ঢাকা। মঙ্গলবার ফতুল্লা স্টেডিয়ামে ঢাকা তিন উইকেট পরাজিত করে রাজশাহী বিভাগকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 09:31 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

এই জয়ে ঢাকার পয়েন্ট দাঁড়িয়েছে ছয় খেলায় ৩০। আর সমসংখ্যক ম্যাচে রাজশাহীর পয়েন্ট ১৮।

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে চট্টগ্রামের বিরুদ্ধে স্বাগতিকরা আজ দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে দিনশেষে ১১৪ রান তুলেছে। এরআগে চট্টগ্রাম তাদের প্রথম ইনিংসে ৩৮০ রান করে।

অন্যদিকে সিলেট স্টেডিয়ামে স্বাগতিকদের প্রথম ইনিংসে করা ৪৭৮ রান তাড়া করে বরিশাল প্রথম ইনিংসে ছয় উইকেট হারিয়ে ১৮৭ রান তুলতে সক্ষম হয়েছে। ফলোঅন এড়াতে এখনও তাদের আরও ১৪২ রান করতে হবে।

ঢাকা বনাম রাজশাহী

১৬০ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ঢাকা সাতটি উইকেট খুইয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল ৭৮ বলে আটটি চারের সাহায্যে ৫৭ রান করে এই জয়ে মুখ্য ভুমিকা পালন করেন। ওপেনার জাভেদ ওমর ৩২ এবং সাজ্জাদ কাদির ২৫ রান করেন।

এরআগে রাজশাহী নাঈম ইসলামের ১১০ রানে ভর করে ২৫৩ রান করলে ঢাকার সামনে ১৬০ রানের টার্গেট দাঁড়ায়। নাঈম ১৮৭ বল খেলে ১৪টি চার এবং একটি ছয়ের মাধ্যমে এই রান করেন। এছাড়া আনিসুর রহমান ৩৫ রান করেন। ঢাকার খালেদ মাহমুদ তিনটি এবং মাহমুদুল্লাহ রিয়াদ দু’টি উইকেট লাভ করেন।

খুলনা বনাম চট্টগ্রাম

জাতীয় দলের বাঁহাতি স্পিনার মাঞ্জারুল ইসলাম রানা এবং বব্দুর রাজ্জাকের নিয়ন্ত্রিত বোলিংয়ে চট্টগ্রাম ৩৮০ রান তুলে তাদের প্রথম ইনিংস শেষ করে। রানা তিনটি এবং রাজ্জাক একটি উইকেট শিকার করেন। ম্যাচে রাাজ্জাকের উইকেট শিকারের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ-এ।

আগের দিনের ২২৬ রান নিয়ে খেলতে নেমে চট্টগ্রাম তৃতীয় দিন আরও ১৫৪ রান যোগ করে। এরমধ্যে ধীমান ঘোষ এবং সাব্বির খান সেঞ্চুরি হাঁকান।

ধীমান ১৫৪ বল খেলে ১৮টি বাউন্ডিারি এবং একটি ছয়ের সাহায্যে করেন ১১৫ রান। অন্যদিকে সাব্বির খান ১৬২ বলে করেন অপরাজিত ১০৩ রান।

দ্বিতীয় ইনিংসে পাভেলের হাফসেঞ্চুরির সুবাদে খুলনা তিন উইকেটে ১১৪ রান তুলতে সক্ষম হয়। পাভেল প্রথম ইনিংসে করেছিলেন ৮০ রান। দিনশেষে হাবিবুল বাশার ২০ রান নিয়ে ক্রিজে রয়েছেন।

সিলেট বনাম বরিশাল

২০ রান নিয়ে দিন শুরু করলেও বরিশাল পুরো দিন ব্যাট চলিয়েও ২০০ রান অতিক্রম করতে পারেনি। দিনশেষে তাদের সংগ্রহ ছয় উইকেটে ১৮৭।

স্পিনার নাবিল সামাদ বরিশালের দুই ওপেনারকে ফিরিয়ে দেন। অলোক কাপালি ৪২ রান খরচায় তুলে নেন বাকি চারটি উইকেট।

জাতীয় দল থেকে বাদ পড়া বরিশালের হান্নান সরকার ১৮১ বল মোকাবেলা করে ৪৬ রানের এক ধৈর্য্যশীল ইনিংস খেলেন। তৃতীয় দিনশেষে তৌহিদ ৫১ এবং নাদিফ চৌধুরী ৮ রান নিয়ে ক্রিজে রয়েছেন।