বিসিবি নির্বাচন, হাইকোর্টের স্থগিতাদেশের ওপর সুপ্রীম কোর্টে লিভ টু আপীল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন স্থগিত সংক্রান্ত হাইকোর্টের এক রায়ের বিরুদ্ধে মঙ্গলবার সুপ্রীম কোর্টে লিভ টু আপীল দায়ের করা হয়েছে। আগামী রোববার সুপ্রীম কোর্টের আপীল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে ওই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
গত ৫ মার্চ হাইকোর্ট এক আদেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যকরী কমিটির নির্বাচনের ওপর স্থগিতাদেশ জারি করেন।
জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবি’র দায়ের করা আবেদনের ওপর শুনানি শেষে আপীল বিভাগের চেম্বার বিচারপতি আমিরুল কবীর চৌধুরী আপীল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠানের তারিখ ধার্য করেন।
হাইকোর্টের জারি করা ৫ মার্চের আদেশে বিসিবি’র বর্তমান গঠনতন্ত্রকে কেন অবৈধ ঘোষণা করা হবে না সে ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবিকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
বিসিবির পরিচালকদের দায়ের করা এক রিট আবেদন শুনানি শেষে হাইকোর্ট বিসিবির সভাপতি আলী আজগর লবীকে রুল নিষ্পতি না হওয়া পর্যন্ত নতুন গঠনতন্ত্রের অধীনে কোন নির্বাচন করা থেকে বিরত থাকার আদেশ দেন।
বিসিবির নতুন গঠনতন্ত্রটি ২০০৩ সালের ১৭ ফেব্র“য়ারি প্রণয়ন করা হয়েছিল। ওই গঠনতন্ত্রের বৈধতাকে চ্যালেঞ্জ করে বিসিবির পরিচালনা পর্ষদের মোবাশ্বের হাসান, দেওয়ান শফিউল আরেফিন টুটুল ও আহমেদ সাজ্জাদ আলম রীট আবেদনটি দায়ের করেছিলেন।
আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিষ্টার মাহবুবউদ্দিন খোকন। আর বিসিবির পরিচালনা পর্যদের পক্ষে শুনানিতে অংশ নেন ড. এম জহির ও ব্যারিষ্টার তানিয়া আমীর।
গত পহেলা মার্চ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ বিসিবির সভাপতি আলী আজগর লবীকে নতুন গঠনতন্ত্র অনুযায়ী যত দ্রুত সম্ভব কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠানের আদেশ করেন।
