সুনামি আক্রান্তদের জন্য লর্ডসে প্রদর্শনী ক্রিকেট ম্যাচ
সুনামি আক্রান্তদের অর্থ সাহায্য দেওয়ার জন্য আগামী ১৪ই জুন ইংল্যান্ডের লর্ডসে তারকা ক্রিকেটারদের নিয়ে একটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হবে। ইতোপূর্বে গত জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ার মেলবোর্নে সুনামি আক্রান্তদের সাহায্যার্থে বিশ্ব সেরা একাদশ এবং এশিয়া একাদশ এক প্রর্দশনী ম্যাচে অংশ নিয়েছিল। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ব্যস্ততা থাকায় তারকা ক্রিকেটারদের পাওয়া দুঃসাধ্য কাজ। তদুপরি ব্রায়ান লারা, যিনি বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ দল থেকে স্পন্সর-চুক্তির জটিলতার কারণে বাদ পড়েছেন তিনি এ ম্যাচে নিশ্চিতভাবেই অংশ নিচ্ছেন।
অন্যান্যদের মধ্যে রয়েছেন শেন ওয়ার্ন, মুথিয়া মুরালিধরণ, স্টিফেন ফ্লেমিং এবং এন্ডি ফ্লাওয়ার। ম্যাচটিতে খেলোয়াররা এমসিসি একাদশ এবং ইন্টারন্যাশনাল একাদশ- এ দুটি দলে ভাগ হয়ে খেলবেন।
ফ্লাওয়ার বলেন, ঐসব অঞ্চলে লাখ লাখ মানুষ সুনামির শিকার হয়েছে এবং তারা মানবেতর জীবন-যাপন করছে। এই একটি ইভেন্টের মাধ্যমে সুনামি আক্রান্তদের দুঃখ-কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।
তিনি বলেন, এটা গুরুত্বপূর্ণ বিষয় যে, আমরা এ ম্যাচে অংশ নেয়ার মাধ্যমে তাদের সাথে একাত্মতা প্রকাশ করছি। এ ম্যাচ আমাদের সুযোগ করে দিয়েছে কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব করার।”
প্রদর্শনী ম্যাচের টিকিট ৪ঠা এপ্রিল থেকে পাওয়া যাবে। ইতোমধ্যে সুনামি আক্রান্ত গল স্টেডিয়াম পুণনির্মাণের জন্য ২৫,০০০ পাউন্ড ডোনেট করা হয়েছে।
আগামী সপ্তাহে প্রর্দশনী ম্যাচের উভয় দলের অধিনায়ক এবং খেলোয়ারদের নাম ঘোষণা করা হবে।
