ফুটবল-স্বাধীনতা কাপ
স্বাধীনতা দিবস গোল্ড কাপ ফুটবলে সোমবার ব্রাদার্স ইউনিয়ন এবং ফরাশগঞ্জ নিজ নিজ খেলায় জয়ী হয়ে সেমিফাইনালে খেলার আশা জিইয়ে রেখেছে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম খেলায় ব্রাদার্স ইউনিয়ন চার গোলে আবাহনী লিমিটেডকে পরাজিত করে অঘটন ঘটিয়েছে। ব্রাদার্সের রাশিয়ান রিক্রুট এডোয়ার্ড ভিক্টর টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিকের দেখা পান। অন্য ম্যাচে ফরাশগঞ্জ ৩- ২ গোলে ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাবকে পরাজিত করে।
আগের ম্যাচে ফরাশগঞ্জের সাথে ড্র করলেও সেমিফাইনালে উঠার জন্য আজকের ম্যাচে জয় ছাড়া উপায় ছিল না ব্রার্দাসের। ম্যাচ জিতলে আবাহনীও সেমিফাইনালে উঠে যেত। ২৯ বছর আবাহনী চার গোলের ব্যবধানে পরাজিত হলো। ১৯৭৫ সালে তারা মোহামেডানের কাছে একই ব্যবধানে পরাজিত হয়েছিল। সেমিফাইনালে খেলতে হলে আবাহনীকে গ্র“পের শেষ ম্যাচে ফরাশগঞ্জকে অবশ্যই হারাতে হবে। দুই খেলা শেষে ব্রার্দাস এবং ফরাশগঞ্জের পয়েন্ট চার। অন্যদিকে সম সংখ্যক ম্যাচে আবাহনীর সংগ্রহ তিন পয়েন্ট।
ব্রার্দাস আবাহনী ম্যাচে বেশির ভাগ সময়ই বল মধ্য মাঠে ঘোরাফেরা করলেও প্রথমার্ধেই তিনটি গোল তুলে নেয় গোপীবাগের দলটি। ২৪ মিনিটে ভিক্টর চমৎকার সাইডভলির মাধ্যমে গোল করে দলকে এগিয়ে দেন। ঠিক দুই মিনিট পরই সুজনের ফ্রি কিক থেকে বল পেয়ে ভিক্টর হেডের মাধ্যমে গোল সংখ্যা দুইয়ে উন্নীত করেন। ৪১ মিনিটে ব্রার্দাসের মরোক্কান খেলোয়াড় হিশাম ইনানী দলের হয়ে তৃতীয় গোল করলে আবাহনীর মুঠো থেকে ম্যাচ বেরিয়ে যায়।
তিন গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে আক্রমন চালায় আবাহনী। দ্বিতীয়ার্ধে কিছু ভালো সুযোগও তৈরী করে আবাহনী কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলের মুখ দেখেনি দলটি। ৭২ মিনিটে ব্রার্দাসের মাসুদ রানা গোল লাইন থেকে বল ফিরিয়ে দিয়ে আবাহনীর সবচেয়ে সহজ সুযোগটি বানচাল করে দেন।
ম্যাচের একেবারে অন্তিম মূহুর্তে পারভেজের পাস থেকে বল পেয়ে আবাহনীর গোরক্ষক নিজামকে পরাস্ত করে হ্যাটট্রিক উৎসবে মেতে উঠেন রাশিয়ান ভিক্টর।
এরআগে দিনের প্রথম ম্যাচে ফরাশগঞ্জের রনি দু’টি এবং ফ্লেক্স একটি গোল করেন। প্রতিপক্ষ ইয়ংমেন্সের রাজন এবং বাতেন একটি করে গোল পরিশোধ করেন।
