জাতীয় ক্রিকেটের চারদিনের ম্যাচে সিলেটের এক ইনিংসে তিন সেঞ্চুরি
ইস্পাহানি জাতীয় ক্রিকেট লিগের চারদিনের ম্যাচের দ্বিতীয় দিন তিন ব্যাটসম্যানের সেঞ্চুরির সুবাদে বরিশালের বিরুদ্ধে সিলেট সাত উইকেটে ৪৭৮ রান তুলেছে।
ফতুল্লা স্টেডিয়ামে ঢাকার বিরুদ্ধে রাজশাহী দ্বিতীয় ইনিংসে চার উইকেট খুইয়ে ৩৫ রান তুলতে সক্ষম হয়েছে। ইনিংস পরাজয় এড়াতে তাদের আরও ৫৯ রান করতে হবে।
অন্যদিকে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিরুদ্ধে চট্টগ্রাম এখনও ১৮০ রানে পিছিয়ে রয়েছে। দ্বিতীয় দিন চট্টগ্রামের সংগ্রহ দাঁড়িয়েছে ছয় উইকেটে ২২৬ রান।
সিলেট বনাম বরিশাল
আগের দিনের তিন উইকেট ২২৬ রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিন আরও চার উইকেট হারিয়ে ১৮০ রান যোগ করতে সক্ষম হয়।
গোলাম মাবুদ ২৩৫ বলে সাতটি চার এবং দু’টি ছয়ের সাহায্যে অপরাজিত ১১৪ রান করেন। সপ্তম উইকেট জুটিতে রেজাউলকে সাথে নিয়ে মাবুদ ২০২ রানের পার্টনারশীপ গড়ে তোলেন। রেজাউল ১৭৭ বলে ১০৭ রান করেন।
সিলেটের আরেক সেঞ্চুরিয়ান মনিরুজ্জামান আগের দিনের ১০৫ রানের সাথে এদিন আর মাত্র ১৮ রান যোগ করেন।
বরিশালের নাদিফ চৌধুরী ৮৩ রানে নেন তিন উইকেট। দিনশেষে বরিশাল কোন উইকেট না হারিয়ে ১২ ওভারে তুলেছে ২০ রান।
ঢাকা বনাম রাজশাহী
ঢাকার বিরুদ্ধে দিন শেষে চার উইকেটে ৩৫ রান করলেও ইনিংস পরাজয় ঠেকাতে রাজশাহীর আরও ৫৯ রান প্রয়োজন। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ২১৭ রান।
এর আগে ঢাকা ৩১১ রানে তাদের প্রথম ইনিংস শেষ করে। মোহাম্মদ আশরাফুল ১৩১ বলে ১৫টি চার এবং একটি ছয়ের সাহায্যে ১১৪ রান করেন। এছাড়া মেহরাব হোসেন জুনিয়র ৯০ বলে করেন ৫৪ রান।
রাজশাহীর শাহাজাদা ৬৯ রানে চারটি এবং শাফাক আল জাবির ৫৯ রানে তিন উইকেট দখল করেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে রাজশাহীর ব্যাটসম্যানরা চরম ব্যর্থতা প্রদর্শন করে। তাদের প্রথম সারির তিনজন ব্যাটসম্যানের মোট সংগ্রহ ১০ রান। দিনশেষে নাঈম ইসলাম ১১ এবং আনিসুর রহমান পাঁচ রান নিয়ে ক্রিজে রয়েছেন।
ঢাকার তালহা জুবায়ের নয় রানে দু’টি এবং আনোয়ার হোসেন ও খালেদ মাসুদ একটি করে উইকেট লাভ করেন।
খুলনা বনাম চট্টগ্রাম
খুলনার বিরুদ্ধে চট্টগ্রাম দিনশেষে ছয় উইকেট হারিয়ে ২২৬ রান তুললেও এখনও তারা ১৮০ রানে পিছিয়ে রয়েছে।
ধীমান ঘোষ ৯৮ বলে দশটি বাউন্ডারি এবং একটি ছয়ের সাহায্যে ৯৪ রান করে অপরাজিত রয়েছেন। ওপেনার মাহমুদুল্লাহ ১১২ বলে করেন ৬৯ রান। খুলনার পক্ষে আব্দুর রাজ্জাক ৬৮ রান খরচায় তুলে নেন চার উইকেট।
এরআগে খুলনা তাদের আগেরদিনের ছয় উইকেটে ৩৩০ রান নিয়ে খেলতে নেমে বাকি চারটি উইকেট হারিয়ে ৭৬ রান যোগ করতে সক্ষম হয়। পাভেল ৮০ এবং রাজ্জাক ৪০ রান করেন।
চট্টগ্রামের গাজী আলমগীর তিনটি, আহসানুল্লাহ এবং ইলিয়াস সানী দু’টি করে উইকেট নেন।
