২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেটে ষষ্ঠ রাউন্ডের প্রথম দিন ঢাকা, খুলনা এবং সিলেটের প্রাধান্য

ইস্পাহানি জাতীয় ক্রিকেটের ষষ্ঠ রাউন্ডের চারদিনের ম্যাচের প্রথম দিন চালকের আসনে বসে গেছে ঢাকা, খুলনা এবং সিলেট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 10:10 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীকে ২১৭ রানে অল আউট করে দিয়ে স্বাগতিক ঢাকা দিন শেষে এক উইকেট  হারিয়ে ৫২ রান করেছে। রাজশাহীর নয়টি উইকেট ভাগাভাগি করে নেন ঢাকার মোহাম্মদ আশরাফুল এবং তালহা জুবায়ের।

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে চট্টগ্রামের বিরুদ্ধে মাঞ্জারুল ইসলাম রানার ১৫১ রানে ভর করে  স্বাগতিক খুলনা দিন শেষে ছয় উইকেট হারিয়ে ৩৩০ রান করেছে।

সিলেটে স্বাগতিকরা তিন উইকেট হারিয়ে ২২৬ রান করে। মনিরুজ্জামান ১০৫ রানে অপরাজিত রয়েছেন।

ঢাকা বনাম রাজশাহী

রাজশাহী শনিবার ওয়ানডে ম্যাচে ঢাকা পরাজিত করে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেলেও চারদিনের ম্যাচে প্রথম ব্যাট করে নয় রানেই দুই উইকেট হারিয়ে বসে। তৃতীয় উইকেট জুটিতে রাজশাহীর রান মেশিন ফরহাদ রেজা এবং ফরহাদ হোসেন ৯৫ রান তুলে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। ফরহাদ হোসেন ১৮ রান করে আশরাফুলের বলে এলবিডব্লিউ হন।

অন্যদিকে ফরহাদ রেজা ১১০ বলে ১৫টি চারের সাহায্যে ৮৬ রান করে তালহার শিকারে পরিনত হন। তৃতীয় উইকেট জুটির পতনের পর নিয়মিত বিরতিতে রাজশাহী উইকেট হারাতে থাকে। তবে মিডল অর্ডারে নেমে আনিসুর রহমান ৫৬ রান করে কিছুটা লড়াই করার মত সাহস দেখান।

ঢাকার মোহাম্মদ আশরাফুল ৫৮ রানের বিনিময়ে পাঁচটি এবং তালহা ৩৬ রানে চার উইকেট লাভ করেন।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনার জাভেদ ওমরের উইকেটটি খুইয়ে ৫২ রান তোলে ঢাকা। জাভেদ ৩০ রান করে আউট হন। আনোয়ার হোসেন ১০ এবং মেহরাব হোসেন জুনিয়র ৭ রানে অপরাজিত রয়েছেন।

খুলনা বনাম চট্টগ্রাম

প্রথমে ব্যাট করতে নেমে ৪৩ রান তুলতেই তিন উইকেট হারিয়ে ধুঁকছিল খুলনা। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে জাতীয় দলের খেলোয়াড় মাঞ্জারুল ইসলাম রানা এবং ওপেনার শফিউল আলমের দৃঢ়তায় ১১৬ রান করতে সক্ষম হয়। শফিউল ৬২ রান করে সাব্বির খানের থ্রোতে রান আউট হন।

১৭১ রানে ইলিয়াস সানী খুলনার পঞ্চম উইকেটের পতন ঘটালে রানা উইকেট রক্ষক সগীর আহমেদ পাভেলকে সাথে নিয়ে ৬ষ্ঠ উইকেট জুটিতে আরও ৮৫ টি মুল্যবান রান যোগ করেন। ৮৩ ওভারে রানা গাজী আলমগীরের বলে এলবিডব্লিউ হয়ে যান। রানার ২০২ বলের ইনিংসে ২২টি চার এবং একটি ছয়ের মার রয়েছে। দিন শেষে পাভেল ৫৪ এবং রাজ্জাক ৩০ রান নিয়ে ক্রিজে রয়েছেন।

চট্টগ্রামের গাজী আলমগীর এবং আহসানুল্লাহ দু’টি করে উইকেট দখল করেন।

সিলেট বনাম বরিশাল

প্রথম সারির ব্যাটসম্যানদের ধৈর্য্যশীল ব্যাটিংয়ে সিলেট দিন শেষে ৯০ ওভারে দুইশত রান অতিক্রম করতে সক্ষম হয়। মনিরুজ্জামান ২৬৭ বলে ১০৫ রান করে অপরাজিত রয়েছেন।

লিগের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার গোলাম রহমান  হিমেল ১০১ বলে করেন ৫১ রান। তিন নম্বর ব্যাটসম্যান ইমতিয়াজ আহমেদ ১২০ বলে করেন ৫৬ রান।

উদ্বোধনী জুটিতে হিমেল এবং মনির ৯৭ রান যোগ করেন। এরপর ইমতিয়াজকে সাথে নিয়ে মনির দ্বিতীয় উইকেট জুটিতে ১০৪ রান করেন।

বরিশালের মোশাররফ হোসেন এবং নাদিফ চৌধুরী একটি উইকেট নেন।