কুম্বলের ঘুর্নিতে ভারতের ইডেন জয়, সিরিজে পিছিয়ে পড়ল পাকিস্তান
লেগ স্পিনার অনিল কুম্বলের ঘুর্নি বলে ইডেন টেস্টে পাকিস্তানকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিক ভারত। রোববার ম্যাচের শেষ দিনে কুম্বলে ৬৩ রানে সাত উইকেট দখল করলে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ২২৬ রানে অল আউট হয়ে যায়।
শেষ দিনে ইডেনের পিচ নি®প্রভ হয়ে গেলেও কুম্বলের বিষাক্ত ছোবলে একে একে কুপোকাত হয়েছে পাকিস্তানী ব্যাটসম্যানরা। অবশ্য ফেবারিট হিসেবেই দিনটা শুরু করেছিল ভারত।
৩২৭ রান করে জয়তো দুরের কথা ড্রয়ের সহজ লক্ষ্যেও যেতে পারেনি পাকিস্তান। সকালের প্রথম বলেই কুম্বলের লেগ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে উইকেট রক্ষক দিনেশ কার্তিকের হাতে ক্যাচ দিয়ে ইউনিস খান বিদায় নিলে পাকিস্তানের ধ্বংসের সূচনা হয়। তখন স্কোর বোর্ডে পাকিস্তানের স্কোর দুই উইকেটে ৯৫।
এরপরই ম্যাচের পুরো দৃশ্য বদলে যায়। অধিনায়ক ইনজামাম মাঠে নামলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ইনজি হয়ত ভেবেছিলেন কোনরকমে বল ঠেকিয়ে যদি দিনটি পার করা যায় তাহলে অন্তত ড্রয়ের দেখা পাওয়া যাবে। খেলছিলেনও সেভাবেই। কিন্তু কুম্বলের মনে ছিল তখন অন্য চিন্তা। অধিনায়কের কচ্ছপের মত গুটিয়ে যাওয়া দেখেই কুম্বলে নিপুন লাইন লেন্থ বজায় রেখে বল করে যান। ১৩ রান করেই ধৈর্য্যচ্যুতি ঘটে ইনজামামের। কুম্বলের দ্রুতগতির বল বুঝতেই পারেননি তিনি। ব্যাট - প্যাড হয়ে বল সোজা গিয়ে আঘাত হানে উইকেটে (১১৫/৩)। গ্যালারীর পাশাপাশি ভারতীয় ড্রেসিং রুমেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভারতের কোচ জন রাইটের অস্থির পায়চারি দেখে উত্তেজনার পরিমানটা কেমন ছিল সেটা ভালোই বোঝা গেছে।
কুম্বলে যেভাবে একের পর এক উইকেট তুলে নিতে শুরু করেছিলেন তাতে করে সবাই বোধকরি ১৯৯৯ সালের দিল্লী টেস্টের কথা ভাবতে শুরু করেছিলেন। সেবারও কুম্বলের কাছেই সবকটি উইকেট বিসর্জন দিয়েছিল পাকিস্তান। বালাজি এসে বেরসিকের মত ওপেনার তৌফিকের উইকেট তুলে নিয়ে দর্শকদের সেই উত্তেজনায় পানি ঢেলে দেন (১১৫/৪)।
তবে ভারতীয় সেনারা বালাজির এই রসহীন আচরনে অখুশি নাহয়ে খুশিই হয়েছিলেন। কারণ তখন তাদের সামনে ম্যাচ জয়ের হাতছানি। তৌফিক দুই ঘন্টা মাটি কামড়ে লড়াই করে ৩৫ রান করে সেহওয়াগের হাতে ধরা পড়েন। শেষদিনে পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র ইউসুফ ইউহানাকে যা একটু স্বাভাবিক মনে হয়েছে। কিন্তু ইউহানার প্রতিরোধও ভেঙ্গে পড়ে একটা সময়। কুম্বলের বলে ফরোয়ার্ড শর্টলেগে গম্ভিরের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ইউহানা (১৭৮/৫)। লড়াকু আসিম কামালের সাথে যোগ দেন রাজ্জাক।
কুম্বলের বলে তারা দু’জন যেভাবে বাউন্ডারি পেটাচ্ছিলেন তাতে ছুটির দিনে ইডেনে হঠাৎই যেন সব নিস্তব্ধতা এসে ভর করেছিল। কিন্তু কুম্বলেই বা তা মানবেন কেন, আবারও স্পিনের আগুনে পুড়লো রাজ্জাকের স্ট্যাম্প (১৮৮/৬)।
অন্যদিকে কামাল একাই লড়াই চালিয়ে যান। হলে কি হবে, মোহালী টেস্টের হিরো কামরান আকমল মাত্র ৭ রান করে হরভজনের বলে বোল্ড হয়ে গেলে সঙ্গীহারা হয়ে যান কামাল (২০৩/৭)। কুম্বলের ছয় উইকেট শিকারের পর চা বিরতিতে যায় ভারত। আর তার ছয় নম্বর শিকার ছিলেন কামাল (২১৫/৮)।
চা বিরতির পর কুম্বলের প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে যান সামি (২২৩/৯)। আর শেষ ব্যাটসম্যান দানিশ কানেরিয়া হরভজনের বলে বোল্ড হয়ে গেলে উল্লাসে ইডেনের দর্শকসহ গোটা কোলকাতা।
